Logo
×

Follow Us

এশিয়া

মালদ্বীপে বিশেষ সম্মাননা পেলেন প্রবাসী শিক্ষাবিদ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৯:৩৩

মালদ্বীপে বিশেষ সম্মাননা পেলেন প্রবাসী শিক্ষাবিদ

মালদ্বীপে শিক্ষা খাতে তিন দশকেরও বেশি সময় ধরে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন প্রবাসী বাংলাদেশি শিক্ষাবিদ ও মিয়াঞ্জ কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আহমেদ মুত্তাকী। ২০ জুন রাজধানী মালের ইমাজউদ্দিন স্কুল অডিটোরিয়ামে কলেজের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মালদ্বীপের ফার্স্ট লেডি সাজিধা মোহাম্মদ তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফার্স্ট লেডি সাজিধা মোহাম্মদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, “মিয়াঞ্জ কলেজ স্বল্প সময়ের মধ্যেই শিক্ষা ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। একটি জ্ঞানভিত্তিক, দায়িত্বশীল ও দক্ষ প্রজন্ম গঠনে প্রতিষ্ঠানটির অবদান মালদ্বীপের জাতীয় উন্নয়নের ভিত্তিকে আরো শক্তিশালী করেছে।” তিনি শিক্ষাকে ব্যক্তি ও সমাজ রূপান্তরের অন্যতম চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন।

সম্মাননা গ্রহণের পর আহমেদ মুত্তাকী বলেন, “এই স্বীকৃতি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়; এটি মালদ্বীপে কর্মরত সমগ্র বাংলাদেশি সম্প্রদায়ের জন্য গর্ব ও মর্যাদার বিষয়। একজন বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে এমন সম্মান অর্জন করতে পেরে আমি গভীরভাবে আনন্দিত ও সম্মানিত।”

আহমেদ মুত্তাকীর জন্ম ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে। প্রবাস জীবনের শুরুতে তিনি মালদ্বীপের সরকারি স্কুলে শিক্ষকতা করেন। দীর্ঘ সময়ের অধ্যবসায় ও নেতৃত্বে তিনি মিয়াঞ্জ কলেজ প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে রাজধানী মালেসহ বিভিন্ন দ্বীপে ১৭টি শাখা নিয়ে পরিচালিত হচ্ছে। শিক্ষা উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি তিনি মালদ্বীপে বাংলাদেশি খাদ্য ও কৃষিপণ্যের অন্যতম বড় আমদানিকারক হিসেবেও পরিচিতি পেয়েছেন।

Logo