Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন ভিসা নিয়ম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৯:৩০

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন ভিসা নিয়ম

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় পরিবর্তন আনছে সরকার। হোয়াইট হাউস সম্প্রতি ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (DHS) প্রস্তাবিত নতুন নিয়ম অনুমোদন করেছে। এর ফলে শিক্ষার্থী, এক্সচেঞ্জ ভিজিটর এবং বিদেশি গণমাধ্যম প্রতিনিধিদের জন্য খোলা মেয়াদের ভিসা বাতিল হয়ে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হবে। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ সংবাদ প্রকাশ করেছে।

নতুন নিয়ম অনুযায়ী, শিক্ষার্থীরা আর ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ বা খোলা মেয়াদের ভিসায় যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন না। তাদের সর্বোচ্চ চার বছরের ভিসা দেওয়া হবে। মেয়াদ শেষে নবায়ন করতে হলে ডিএইচএসের অনুমোদন নিতে হবে।

প্রথম ধাপে চাকরিতে যোগদানের আগে স্বাস্থ্য ও ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করা হবে। শিক্ষার্থীদের পড়াশোনার সময় প্রোগ্রাম পরিবর্তন করা যাবে না। এক স্তর শেষ করার পর কেবল উচ্চতর স্তরে ভর্তি হওয়া যাবে, একই বা নিম্ন স্তরে পরিবর্তন করা যাবে না। পড়াশোনা বা ট্রেনিং শেষ হওয়ার পর দেশে ফেরার প্রস্তুতির সময় ৬০ দিন থেকে কমিয়ে ৩০ দিন করা হয়েছে।

ভিসা নবায়নের সময় বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হবে। ভাষা শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ২৪ মাসের মধ্যে কোর্স শেষ করার সীমা নির্ধারণ করা হয়েছে।

বর্তমানে বিদেশি শিক্ষার্থীরা যতদিন তাদের ভিসার শর্ত পূরণ করেন, ততদিন যুক্তরাষ্ট্রে থাকতে পারেন। নতুন নিয়মে তাদের নির্দিষ্ট মেয়াদ শেষে নবায়ন করতে হবে। এতে অতিরিক্ত প্রশাসনিক জটিলতা তৈরি হবে বলে আশঙ্কা করছে কলেজ ও মেডিকেল সংগঠনগুলো। তাদের মতে, শিক্ষার্থীদের ডিগ্রি সম্পন্ন করতে বাধা সৃষ্টি হতে পারে। বিশেষ করে গবেষণা ও দীর্ঘমেয়াদি পড়াশোনায় থাকা শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবেন।

ডিএইচএস বলছে, নির্দিষ্ট মেয়াদ নির্ধারণ করলে শিক্ষার্থীদের অবস্থান নিয়ে বিভ্রান্তি দূর হবে। একই সঙ্গে ওভারস্টে কমানো, প্রতারণা রোধ এবং জাতীয় নিরাপত্তা জোরদার করা সম্ভব হবে।

Logo