জাপান প্রায় ৫০ বছর পর বিদেশি নাগরিকদের জন্য ভিসা ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ জুলাই থেকে নতুন ফি কাঠামো কার্যকর হবে। ১৯ জুন দেশটির মন্ত্রিসভা এ পরিবর্তনের অনুমোদন দিয়েছে।
নতুন নিয়মে একবার প্রবেশের ভিসার খরচ ৩ হাজার ইয়েন থেকে বেড়ে ১৫ হাজার ইয়েন হবে। একাধিকবার প্রবেশের ভিসার খরচ ৬ হাজার ইয়েন থেকে বেড়ে ৩০ হাজার ইয়েন নির্ধারণ করা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগি সংবাদ সম্মেলনে বলেন, “বর্তমান ভিসা ফি ১৯৭৮ সালে নির্ধারণ করা হয়েছিল। মূল্যস্ফীতি ও বিনিময় হারের ওঠানামা বিবেচনায় নিয়ে আমরা এটি সংশোধন করেছি।” তিনি আরো জানান, এই পরিবর্তন বিদেশি পর্যটকের আগমনে তাৎক্ষণিক কোনো প্রভাব ফেলবে না।
গত মাসে পার্লামেন্টে অনুমোদিত আইনের পর এই ফি বৃদ্ধি করা হচ্ছে। ওই আইন সরকারের জন্য অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন ধরনের ফি বাড়ানোর সুযোগ তৈরি করেছে। কর্মকর্তাদের মতে, বিদেশি বাসিন্দার সংখ্যা বৃদ্ধির কারণে অভিবাসন ব্যবস্থাপনা ও সেবা উন্নয়নের ব্যয়ও বেড়েছে। অতিরিক্ত রাজস্ব সেই ব্যয় মেটাতে সহায়তা করবে।
বৃহত্তর সংস্কার কর্মসূচির অংশ হিসেবে আবাসিক মর্যাদা পরিবর্তন এবং ভিসার মেয়াদ বাড়ানোর সঙ্গে সম্পর্কিত ফির সর্বোচ্চ সীমাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হবে। প্রস্তাব অনুযায়ী, এসব ফি ১০ হাজার ইয়েন থেকে ৭০ হাজার ইয়েনের মধ্যে নির্ধারণ করা হবে। স্থায়ী আবাসনের আবেদন ফি ১০ হাজার ইয়েন থেকে বেড়ে ২ লাখ ইয়েন হতে পারে।
সরকার জানিয়েছে, এসব পরিবর্তন ২০২৭ সালের মার্চে শেষ হওয়া অর্থবছরের আগেই কার্যকর করা হবে। অতিরিক্ত তহবিল অভিবাসন আবেদন প্রক্রিয়া পরিচালনা, জাপানি ভাষা শিক্ষা কর্মসূচি সম্প্রসারণ এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা জোরদারে ব্যবহার করা হবে।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শেষ নাগাদ জাপানে বিদেশি বাসিন্দার সংখ্যা রেকর্ড ৪১ লাখ ৩০ হাজারে পৌঁছেছে। সংশোধিত ফি কাঠামোর ফলে জাপানের অভিবাসন-সংক্রান্ত ফি অন্যান্য উন্নত অর্থনীতির দেশগুলোর সঙ্গে আরো সামঞ্জস্যপূর্ণ হবে। কারণ অনেক উন্নত দেশে ভিসা ও আবাসন-সংক্রান্ত আবেদন ফি জাপানের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
logo-1-1740906910.png)