বিশ্বের দ্বিতীয় সর্বাধিক পরিদর্শিত দেশ স্পেন চলতি বছরের প্রথম চার মাসে প্রায় ২ কোটি ৬৫ লাখ আন্তর্জাতিক পর্যটককে স্বাগত জানিয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এটি ৩.৪ শতাংশ বৃদ্ধি। মধ্যপ্রাচ্যের যুদ্ধজনিত বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও স্পেনের পর্যটন খাত শক্তিশালী অবস্থান ধরে রেখেছে।
জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের প্রকাশিত তথ্য অনুযায়ী, শুধু এপ্রিল মাসেই স্পেনে ৯.১ মিলিয়ন বিদেশি পর্যটক গেছেন, যা গত বছরের তুলনায় ৫.২ শতাংশ বেশি। বছরের শুরুতে কিছুটা ধীরগতি থাকলেও বসন্ত মৌসুমে পর্যটন খাত নতুন গতি পেয়েছে। এপ্রিলের প্রবৃদ্ধি ছিল গত ১২ মাসের মধ্যে সবচেয়ে শক্তিশালী।
বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ দূরত্বের ভ্রমণ বিশেষ করে আমেরিকা মহাদেশ থেকে আগমন বৃদ্ধি, ব্যবসায়িক ভ্রমণের পুনরুত্থান এবং নিরাপদ ও স্থিতিশীল গন্তব্যের প্রতি বাড়তি চাহিদা স্পেনের পর্যটন খাতকে এগিয়ে নিয়েছে। ইউরোনিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলমান ভূরাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে স্পেনকে অনেকেই নিরাপদ গন্তব্য হিসেবে বেছে নিচ্ছেন।
২০২৫ সালে স্পেন মোট ৯৬.৮ মিলিয়ন বিদেশি পর্যটককে স্বাগত জানিয়েছিল, যা আগের বছরের তুলনায় ৩.২ শতাংশ বেশি। এ সংখ্যার মাধ্যমে স্পেন বিশ্বে দ্বিতীয় সর্বাধিক পরিদর্শিত দেশ হিসেবে অবস্থান ধরে রেখেছে। প্রথম স্থানে রয়েছে ফ্রান্স, যেখানে গত বছর ১০৫ মিলিয়ন পর্যটক গিয়েছিলেন।
স্পেনের অর্থনীতিতে পর্যটন খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আতিথেয়তা, পরিবহন, সাংস্কৃতিক ঐতিহ্য ও বিনোদন শিল্পে বিদেশি পর্যটকদের আগমন দেশের কর্মসংস্থান ও আয়ের বড় উৎস। বসন্ত মৌসুমে পর্যটকের সংখ্যা বৃদ্ধির ফলে স্থানীয় ব্যবসা ও সেবা খাতেও নতুন প্রাণ ফিরেছে।
logo-1-1740906910.png)