অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো শুরু করল যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১৯:১৮
যুক্তরাষ্ট্র অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো শুরু করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে প্রথম দফায় ২০৫ ভারতীয় নাগরিককে নিয়ে একটি সামরিক উড়োজাহাজ টেক্সাসের সান আন্তোনিও থেকে উড্ডয়ন করে ভারতের উদ্দেশে রওনা হয়েছে। ভারতীয় সময় রাত ৩টার দিকে সি-১৭ উড়োজাহাজটি যাত্রা শুরু করে।
কয়েকটি সূত্র এনডিটিভিকে জানিয়েছে, উড়োজাহাজে থাকা ভারতীয়দের পরিচয় তাদের সরকার নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের সামরিক উড়োজাহাজের মাধ্যমে অভিবাসীদের ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারত সবচেয়ে দূরবর্তী গন্তব্য হিসেবে চিহ্নিত হয়েছে।
পেন্টাগনের তথ্য অনুযায়ী, টেক্সাসের এল পাসো ও ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো থেকে পাঁচ হাজারের বেশি অভিবাসীকে ফেরত পাঠানো হবে। ট্রাম্প গত সপ্তাহে অভিবাসন ইস্যুতে জরুরি অবস্থা ঘোষণা করে সামরিক উড়োজাহাজে অবৈধ অভিবাসীদের দেশে পাঠানোর কার্যক্রম শুরু করেন।
এ পর্যন্ত ছয়টি উড়োজাহাজে লাতিন আমেরিকার বিভিন্ন দেশে অভিবাসীদের পাঠানো হয়েছে। তবে মাত্র চারটি উড়োজাহাজ অবতরণ করতে পেরেছে, সবগুলোই গুয়াতেমালায়। কলম্বিয়ায় প্রথমে দুটি সামরিক উড়োজাহাজ পাঠানো হলেও দেশটির প্রেসিডেন্ট অবতরণের অনুমতি দেননি। এ নিয়ে দুই দেশের মধ্যে অচলাবস্থা তৈরি হয়। পরে কলম্বিয়া নিজস্ব উড়োজাহাজে অভিবাসীদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপের পর বলেন, অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত নেওয়ার ক্ষেত্রে মোদি যথাযথ পদক্ষেপ নেবেন। ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, ভারত ও যুক্তরাষ্ট্র প্রায় ১৮ হাজার অবৈধ ভারতীয় অভিবাসীর তালিকা চিহ্নিত করেছে।
এই পদক্ষেপকে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত ভারতীয়দের ফেরত পাঠানো শুরু হওয়ায় প্রবাসী সমাজে উদ্বেগ দেখা দিয়েছে।
logo-1-1740906910.png)