Logo
×

Follow Us

এশিয়া

কলকাতায় কোরবানির হাটে ছাগল ও দুম্বার দাম আকাশছোঁয়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৬, ১০:৫৮

কলকাতায় কোরবানির হাটে ছাগল ও দুম্বার দাম আকাশছোঁয়া

পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায় আসন্ন ঈদুল আজহা পালনের প্রস্তুতি নিচ্ছে সরকারি নির্দেশিকা মেনে। তবে গরু কোরবানি নিয়ে রাজ্য সরকারের ‘অঘোষিত নিষেধাজ্ঞা’ থাকায় এবার কোরবানির জন্য ছাগল, ভেড়া ও দুম্বার চাহিদা ব্যাপক হারে বেড়েছে। এর ফলে কলকাতার পশুর বাজারগুলোতে দাম আকাশছোঁয়া হয়ে উঠেছে।

কোরবানির কয়েক দিন আগে থেকেই শহরের বিভিন্ন হাটে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। জাকারিয়া স্ট্রিটসহ বড় বাজারগুলোতে ছাগল ও দুম্বার দাম গতবারের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে। কয়েক দিন আগেও যে ছাগলের দাম ছিল ১২ হাজার রুপি, তা এখন দাঁড়িয়েছে প্রায় ৩০ হাজার রুপিতে। আর দুম্বার দাম শুরু হয়েছে ৭০-৮০ হাজার রুপি থেকে, যা দেড় লাখ রুপি পর্যন্ত পৌঁছেছে।

বাজার ঘুরে দেখা গেছে, রাজ্যের বিভিন্ন জেলা থেকে নানা প্রজাতির ছাগল আনা হয়েছে বিক্রির জন্য। পাশাপাশি রাজস্থান থেকে আনা হয়েছে দুম্বা, যা ক্রেতাদের কাছে বিশেষ আকর্ষণ তৈরি করেছে। ক্রেতা ও বিক্রেতা উভয়েই বলছেন, গরু বিক্রি কার্যত বন্ধ থাকায় ছাগল ও দুম্বার দাম বেড়েছে। তবু সামর্থ্য অনুযায়ী দরদাম করে অনেকেই পশু কিনে বাড়ি ফিরছেন।

এক ক্রেতা জানান, “গরু না থাকায় ছাগল ও দুম্বার চাহিদা বেড়েছে। ফলে দামও দ্বিগুণ হয়েছে। কিন্তু ঈদের কোরবানি তো করতেই হবে, তাই উচ্চমূল্য দিয়েও কিনতে হচ্ছে।”

উল্লেখ্য, গত ১৩ মে পশ্চিমবঙ্গ সরকার পশু জবাই বিষয়ে একাধিক নির্দেশনা জারি করে। পরে কলকাতা হাইকোর্ট জানায়, পশু কোরবানি সংক্রান্ত ওই বিজ্ঞপ্তিতে আদালত হস্তক্ষেপ করবে না। ২১ মে প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চ এই রায় প্রদান করেন।

Logo