Logo
×

Follow Us

ইউরোপ

জার্মান নাগরিকত্বে রেকর্ড সংখ্যক আবেদন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ১০:০০

জার্মান নাগরিকত্বে রেকর্ড সংখ্যক আবেদন

২০২৫ সালে রেকর্ড সংখ্যক মানুষ জার্মান নাগরিকত্ব পেয়েছেন। জার্মান সাপ্তাহিক পত্রিকা ভেল্ট আম জোনটাগ জানিয়েছে, অন্তত ৩ লাখ ৯ হাজার ৮৫২ জনকে গত বছর জার্মান পাসপোর্ট দেওয়া হয়েছে। এর আগের বছর এই সংখ্যা ছিল ২ লাখ ৯১ হাজার ৯৫৫ জন।

২০২৪ সালে নাগরিকত্বের নিয়ম পরিবর্তনের পর থেকে আবেদনকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। নতুন নিয়মে একাধিক দেশের পাসপোর্ট রাখা সম্ভব হয়েছে এবং নাগরিকত্ব পাওয়ার জন্য আবশ্যক বসবাসের সময়সীমা আট বছর থেকে কমিয়ে পাঁচ বছর করা হয়েছে। ফলে অনেক অভিবাসী দ্রুত নাগরিকত্বের সুযোগ পাচ্ছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির ১৬টি ফেডারেল রাজ্যের মধ্যে ১৪টির তথ্য পাওয়া গেছে। পূর্বাঞ্চলের মেকলেনবুর্গ-ফরপমার্ন ও স্যাক্সনি-আনহাল্টের তথ্য এখনো পাওয়া যায়নি। পশ্চিমাঞ্চলের কিছু রাজ্যও পূর্ণাঙ্গ তথ্য দেয়নি, তবে বেশির ভাগ শহর ও জেলা তাদের হিসাব দিয়েছে।

২০২৪ সালে নাগরিকত্ব পাওয়া মানুষের সংখ্যা আগের বছরের তুলনায় ৪৬ শতাংশ বেড়েছিল। ২০২৫ সালে বৃদ্ধির হার ছিল ৬ শতাংশ। ২০২৪ সালে নাগরিকত্ব পাওয়া মানুষের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন সিরিয়ার নাগরিক, এরপর তুরস্কের নাগরিকরা।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, আগামী বছর নাগরিকত্বের আবেদন আবারো বাড়তে পারে। কারণ ২০২২ সালে ইউক্রেন যুদ্ধের কারণে যারা জার্মানিতে আশ্রয় নিয়েছিলেন, তারা ২০২৭ সালের বসন্তে পাঁচ বছরের বসবাসের শর্ত পূর্ণ করবেন। ইউক্রেনীয় শরণার্থীরা শুরু থেকেই কাজ করার অনুমতি ও পূর্ণ বসবাসের মর্যাদা পেয়েছেন, যা তাদের নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে সুবিধা দেবে।

অন্যদিকে, ২০১৫-১৬ সালে সিরিয়া থেকে আসা শরণার্থীরা তুলনামূলকভাবে বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন। তবে ইউক্রেনীয়দের জন্য কাঠামোগত সুবিধা থাকায় তাদের নাগরিকত্ব পাওয়ার সম্ভাবনা বেশি।

Logo