মালয়েশিয়ায় নৌকাডুবি; বাংলাদেশিসহ ১৬ জন উদ্ধার, নিখোঁজ ৩
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৬, ১০:১৮
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের সাবাক বার্নাম এলাকার সুঙ্গাই আপং উপকূলে অবৈধ অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে গেছে। নৌকাটিতে মোট ১৯ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, আর এখনও ৩ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকৃতদের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিকও আছেন।
১৬ মে ভোরে নৌকাটিতে ফুটো দেখা দিলে এটি ধীরে ধীরে পানিতে তলিয়ে যেতে শুরু করে। ভোর ৪টা ৪৫ মিনিটে নৌকার ক্রুদের কাছ থেকে জরুরি কল পাওয়ার পর মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ) উদ্ধার অভিযান শুরু করে। তবে সকাল ৯টার দিকে নৌকাটি সম্পূর্ণভাবে ডুবে যায়।
সেলাঙ্গর মেরিটাইম ডিরেক্টর ক্যাপ্টেন আবদুল মুহাইমিন মুহাম্মদ সালেহ জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ‘কেএম বাগান দাতুক’ জাহাজ এবং ‘পেঙ্গালাং ৪১’ বোট ঘটনাস্থলে পাঠানো হয়। তবে উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই স্থানীয় একটি মাছ ধরার নৌকা ১৬ জন অভিবাসীকে জীবিত উদ্ধার করে। তাঁদের মধ্যে ১০ জন পুরুষ—৮ জন ইন্দোনেশিয়ান এবং ২ জন বাংলাদেশি। এছাড়া উদ্ধার হওয়া ৬ জন ইন্দোনেশিয়ান নারী, যাদের বয়স ২৪ থেকে ৫০ বছরের মধ্যে।
এ দুর্ঘটনায় এখনও ৩ জন অভিবাসী নিখোঁজ রয়েছেন। তাঁদের জাতীয়তা এখনও নিশ্চিত করা যায়নি। নিখোঁজদের সন্ধানে সমুদ্রের প্রায় ২৩৬ বর্গ নটিক্যাল মাইল এলাকাজুড়ে ব্যাপক তল্লাশি অভিযান চলছে। মালয়েশিয়ার কোস্টগার্ড, মেরিন পুলিশ এবং ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট যৌথভাবে এই অনুসন্ধান চালাচ্ছে।
নিখোঁজদের দ্রুত উদ্ধার করতে ‘কেলোং প্যারাডাইস’ জেটিতে একটি বিশেষ অনুসন্ধান ও উদ্ধার কেন্দ্র স্থাপন করা হয়েছে। এখান থেকে সমন্বিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজদের জীবিত বা মৃত উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
logo-1-1740906910.png)