ভারতীয় রুপি সম্প্রতি দক্ষিণ এশিয়ার কয়েকটি মুদ্রার বিপরীতে বড় ধরনের পতনের মুখে পড়েছে। কুয়েতভিত্তিক সংবাদমাধ্যম আরব টাইমস অনলাইন জানিয়েছে, পাকিস্তানি রুপি, বাংলাদেশি টাকা এবং আফগান আফগানির বিপরীতে ভারতীয় রুপির মান দ্রুত কমে যাচ্ছে।
বিশ্লেষকদের মতে, বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ, আমদানি ব্যয় বৃদ্ধি এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ভারতীয় রুপির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক লেনদেনে রুপির দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে। পাকিস্তানি রুপির বিপরীতে ভারতীয় রুপির মান কমে যাওয়ায় সীমান্তবর্তী বাণিজ্যে প্রভাব পড়ছে। একইভাবে বাংলাদেশি টাকার বিপরীতে রুপির পতন বাংলাদেশি আমদানিকারকদের জন্য তুলনামূলক সুবিধা তৈরি করছে।
বাংলাদেশি টাকার বিপরীতে রুপির পতন মানে ভারত থেকে আমদানি করা পণ্য তুলনামূলকভাবে সস্তা হয়ে যাচ্ছে। তবে এতে ভারতের রপ্তানিকারকরা ক্ষতিগ্রস্ত হতে পারেন। বর্তমানে বাংলাদেশী ১০০ টাকায় ভারতীয় ৭৮ রুপি পাওয়া যাচ্ছে, গতবছর এই তারিখে যা ছিলো ৬৯ রুপি। অন্যদিকে, পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে বাণিজ্যে রুপির দুর্বলতা ভারতীয় বাজারে প্রতিযোগিতা বাড়াচ্ছে।
বিশ্বব্যাপী ডলারের শক্তিশালী অবস্থান এবং তেলের দাম বৃদ্ধির কারণে ভারতীয় অর্থনীতি চাপের মুখে পড়েছে। এর ফলে রুপির মান ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, বৈদেশিক ঋণ পরিশোধ ও আমদানি ব্যয় মেটাতে ভারতের মুদ্রানীতি আরো কঠোর হতে পারে।
অর্থনীতিবিদরা মনে করছেন, রুপির এই পতন সাময়িক হলেও দীর্ঘমেয়াদে ভারতের অর্থনীতির জন্য সতর্কবার্তা। যদি বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরো কমে যায়, তবে রুপির মান আরো দুর্বল হতে পারে। অন্যদিকে, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মতো প্রতিবেশী দেশগুলো রুপির পতনকে নিজেদের বাণিজ্যিক সুবিধায় কাজে লাগাতে পারে।
logo-1-1740906910.png)