Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

বিশ্বকাপে দর্শকদের জন্য মার্কিন ভিসা সহজ হচ্ছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ১৯:২০

বিশ্বকাপে দর্শকদের জন্য মার্কিন ভিসা সহজ হচ্ছে

উত্তর আমেরিকার তিনটি দেশে আয়োজিত হতে যাচ্ছে এবারের ফিফা বিশ্বকাপ। এর আগে যুক্তরাষ্ট্র ভিসা আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য বড় অঙ্কের জামানত জমা দেওয়ার নিয়ম চালু করেছিল। তবে বিশ্বকাপকে সামনে রেখে ফুটবলপ্রেমীদের জন্য সেই নিয়ম শিথিল করার ঘোষণা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

১৩ মে যুক্তরাষ্ট্র জানায়, ম্যাচে অংশগ্রহণকারী দলের সদস্য এবং টিকিট সংগ্রহকারী সমর্থকদের জন্য ভিসা জামানতের নিয়মে ছাড় দেওয়া হবে। তবে সমর্থকদের অবশ্যই ভিসার জন্য নির্ধারিত অগ্রাধিকার ব্যবস্থায় নিবন্ধিত থাকতে হবে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নিয়ন্ত্রণ নীতির অংশ হিসেবে আগে ৫০টি উন্নয়নশীল দেশের নাগরিকদের ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত জমা দিতে হতো। এই অর্থ যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে ফেরার পর ফেরত দেওয়া হতো। কিন্তু বিশ্বকাপকে কেন্দ্র করে সেই কড়াকড়ি শিথিল করা হয়েছে।

কনস্যুলার–বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার বলেন, “আমরা বিশ্বকাপের মতো আয়োজনে বৈধ ভ্রমণকে উৎসাহিত করতে চাই, একই সঙ্গে জাতীয় নিরাপত্তা বজায় রাখতেও আমরা অঙ্গীকারবদ্ধ।” তিনি আরো জানান, ট্রাম্প প্রশাসন ইতিহাসের সবচেয়ে বড় ও সফল ফিফা বিশ্বকাপ আয়োজন করতে চায়।

যুক্তরাষ্ট্রের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে ফিফা। সংস্থার এক মুখপাত্র বলেন, “এই ঘোষণা সফল এবং স্মরণীয় একটি বৈশ্বিক আয়োজন উপহার দিতে মার্কিন সরকার ও হোয়াইট হাউস টাস্কফোর্সের সঙ্গে আমাদের চলমান সহযোগিতারই বহিঃপ্রকাশ।”

এবার বিশ্বকাপে জায়গা করে নেওয়া আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরি কোস্ট, সেনেগাল ও তিউনিসিয়ার নাগরিকদের জন্য জামানত বাধ্যতামূলক ছিল। তবে নতুন সিদ্ধান্তে তারা সুবিধা পাবেন। অন্যদিকে হাইতি ও ইরানের মতো দেশগুলোর নাগরিকদের প্রবেশে এখনো কঠোর নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন। আয়োজক দেশ কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। কড়াকড়ি শিথিলের ফলে এবার অনেক বেশি সমর্থক মাঠে উপস্থিত হতে পারবেন বলে আশা করা হচ্ছে।

Logo