প্রবাসীদের সমস্যা সমাধানে বিশেষ সেল গঠনের ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৯:৩৭
প্রবাসীদের সমস্যা সমাধানে বিশেষ সেল গঠনের ঘোষণা দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন। উডসাইডের গুলশান ট্যারেসে আয়োজিত সভায় তিনি বলেন, সরকার প্রবাসীদের জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে।
মন্ত্রী জানান, প্রবাসীদের জন্য শিগগিরই চালু হতে যাচ্ছে ‘প্রবাসী কার্ড’। পাশাপাশি মন্ত্রণালয়ে অভিযোগ গ্রহণের জন্য একটি বিশেষ সেল ও হটলাইন চালু করা হবে। যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে, যা প্রবাসীদের অভিযোগ দ্রুত সমাধানে কাজ করবে।
সভায় মন্ত্রী আরো বলেন, প্রবাসীদের সর্বস্বান্ত করে দেওয়া জনশক্তি ব্যবসার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে কয়েকজনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি প্রবাসীদের আহ্বান জানান, ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করে সম্প্রীতির নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।
সভায় বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে প্রবাসীদের ৯ দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে ছিল বিমানবন্দরে হয়রানি বন্ধ, সরকারি খরচে মরদেহ দেশে পাঠানো, প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা, রেমিট্যান্স প্রণোদনা বাড়ানো, নিউ ইয়র্ক রুটে বিমান চালু এবং ভোটাধিকার সহজ করা।
প্রবাসীরা জানান, এসব দাবি বাস্তবায়ন হলে তাদের জীবনযাত্রা সহজ হবে এবং দেশের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হবে।
সভায় বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। প্রবাসীরা আশা প্রকাশ করেন, সরকারের নতুন উদ্যোগ তাদের সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখবে।
logo-1-1740906910.png)