Logo
×

Follow Us

ইউরোপ

স্পেনে সরাসরি পুলিশ ক্লিয়ারেন্স সেবা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৯:৩৩

স্পেনে সরাসরি পুলিশ ক্লিয়ারেন্স সেবা

স্পেনে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য প্রথমবারের মতো সরাসরি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সেবা চালু করেছে বাংলাদেশ সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি কাজী আরিফুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ প্রতিনিধি দল এই কার্যক্রম পরিচালনা করছে। দীর্ঘদিনের একটি বড় সমস্যার সমাধান হওয়ায় প্রবাসীদের মধ্যে স্বস্তি নেমে এসেছে।

প্রতিনিধি দলটি গত ৯ থেকে ১১ মে পর্যন্ত বার্সেলোনায় প্রায় ছয় শতাধিক প্রবাসীকে সেবা দিয়েছে। এরপর ১২ ও ১৩ মে মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাসে আরো ৮২৬ জন প্রবাসী এই সেবা গ্রহণ করেন। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা কার্যক্রমে নতুন অনলাইন আবেদনকারীদের তথ্য যাচাই শেষে তাৎক্ষণিকভাবে সার্টিফিকেট প্রদান করা হচ্ছে। পাশাপাশি পুরোনো সার্টিফিকেটের ভুল সংশোধন এবং আটকে থাকা অফলাইন আবেদনগুলো নতুন করে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা হচ্ছে।

প্রতিনিধি দল জানিয়েছে, ইউরোপের মধ্যে স্পেনেই প্রথমবারের মতো বাংলাদেশ সরকার এমন সরাসরি পুলিশ ক্লিয়ারেন্স সেবা দিচ্ছে। ১৪ মে পর্যন্ত মাদ্রিদ ও বার্সেলোনায় এই কার্যক্রম অব্যাহত থাকবে।

গত ১২ মে মাদ্রিদস্থ দূতাবাসের হলরুমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন এবং প্রবাসীদের জন্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান।

সম্প্রতি স্পেন সরকার দেশটিতে থাকা প্রায় পাঁচ লাখ নথিহীন অভিবাসীকে বৈধতা দেওয়ার জন্য একটি সাধারণ ক্ষমা কর্মসূচি অনুমোদন করেছে। এই বৈধতা আবেদনের জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট একটি অপরিহার্য নথি। বাংলাদেশ সরকারের এই সরাসরি সেবা কার্যক্রম স্পেনে বসবাসরত অনিয়মিত বাংলাদেশিদের বৈধ হওয়ার পথ অনেক সহজ করে দিয়েছে।

প্রবাসীরা বলছেন, এতদিন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে নানা জটিলতা ও দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। এখন সরাসরি সেবা পাওয়ায় তাদের বৈধ হওয়ার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে।

স্পেনে বাংলাদেশ সরকারের এই উদ্যোগ প্রবাসীদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বৈধ হওয়ার সুযোগ সহজ হওয়ায় প্রবাসীদের জীবনযাত্রা নিরাপদ হবে এবং দেশের অর্থনীতিতে তাদের অবদান আরো বাড়বে।

Logo