Logo
×

Follow Us

এশিয়া

চীনে খোলা মাঠে ‘ম্যারেজ মার্কেট'; বর-কনে খোঁজার অদ্ভুত বাজার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৯:২৩

চীনে খোলা মাঠে ‘ম্যারেজ মার্কেট'; বর-কনে খোঁজার অদ্ভুত বাজার

সাংহাইয়ের পিপলস পার্কে দেখা যায় এক অনন্য দৃশ্য। পার্কের বিভিন্ন জায়গায় ঝুলছে জীবনবৃত্তান্ত বা বায়োডাটা। সেখানে লেখা রয়েছে বয়স, উচ্চতা, বেতন, চাকরি, এমনকি নিজের ফ্ল্যাট আছে কিনা তাও উল্লেখ থাকে। লোকজন থেমে থেমে সেগুলো পড়ছেন, আলোচনা করছেন এবং প্রশ্ন করছেন- ‘মেয়েটি কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছে’, ‘ছেলের অ্যাপার্টমেন্ট আছে কিনা’, ‘চাকরিটা স্থায়ী কিনা’। উত্তর পছন্দ হলে বিনিময় হচ্ছে ফোন নম্বর।

তবে আশ্চর্যের বিষয় হলো, যাদের বিয়ে নিয়ে আলোচনা হচ্ছে তারা কেউই সেখানে উপস্থিত নেই। বাবা-মায়েরাই সন্তানের জন্য পাত্র বা পাত্রী খুঁজতে আসেন। চীনের বড় শহরগুলোতে সপ্তাহান্তে এমন দৃশ্য এখন বেশ পরিচিত। বিশেষ করে সাংহাইয়ের পিপলস পার্কের এই ‘ম্যারেজ মার্কেট’ অনেক বিখ্যাত।

চীনের এক সন্তান নীতির কারণে বহু পরিবারের সমস্ত সঞ্চয় ও স্বপ্ন এখন এক সন্তানকে ঘিরে। আগে আত্মীয়-স্বজন বা পরিচিতরা সম্পর্ক খুঁজে দিতেন, কিন্তু এখন বিশাল শহরে অনেক মানুষ একা হয়ে পড়েছেন। সামাজিকতা কমে যাওয়ায় বাবা-মায়েরা নিজেরাই সন্তানের জন্য জীবনসঙ্গী খুঁজতে এই বাজারে আসেন।

নতুন প্রজন্মের তরুণরা অনেকেই দেরিতে বিয়ে করতে চান, কেউ কেউ আবার বিয়েতে আগ্রহ হারাচ্ছেন। তারা সম্পর্ক খোঁজেন যেখানে থাকবে আবেগ, স্বাধীনতা ও মানসিক মিল। অন্যদিকে বাবা-মায়েরা গুরুত্ব দেন নিরাপত্তা ও পারিবারিক ভবিষ্যতের ওপর। এই দ্বন্দ্বই ‘ম্যারেজ মার্কেট’-কে আকর্ষণীয় করে তুলেছে, যেখানে মুখোমুখি দাঁড়ায় দুই প্রজন্মের দুই জীবনদর্শন।

বাবা-মায়েরা জানেন, তাদের সন্তানরা হয়তো সম্পর্কের প্রস্তাব মানবে না। তারপরও তারা প্রতি সপ্তাহে আসেন। পশ্চিমা সমাজে সাধারণত প্রেম দিয়ে শুরু হয় সম্পর্ক, তারপর আসে বাস্তবতা। কিন্তু চীনে শুরুটা হয় বাস্তবতা দিয়ে, প্রেম-ভালোবাসা পরে আসে।

অনেকে মনে করেন, শেষ পর্যন্ত এই ‘ম্যারেজ মার্কেট’ শুধু বিয়ে ঠিক করার জায়গা নয়; বরং আধুনিক জীবনের অনিশ্চয়তার সঙ্গে মানিয়ে নেওয়ার একটি উপায়। এখানে ঐতিহ্য ও আধুনিকতার পাশাপাশি সন্ধান হয় টেকসই ভালোবাসার।

Logo