Logo
×

Follow Us

ইউরোপ

ইংলিশ চ্যানেলে মানব পাচারের মূলহোতার সন্ধান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৯:৩৯

ইংলিশ চ্যানেলে মানব পাচারের মূলহোতার সন্ধান

ইউরোপ থেকে যুক্তরাজ্যে ছোট নৌকায় অভিবাসন ঘটনার পেছনে থাকা অন্যতম বড় পাচারকারীর সন্ধান পেয়েছে বিবিসি। ২৮ বছর বয়সী এক ইরাকি কুর্দি, যিনি দীর্ঘদিন ধরে “কার্দো রানিয়া” নামে ছদ্মনামে কাজ করে আসছিলেন, তাকে চিহ্নিত করা হয়েছে। তার আসল নাম গোপন রাখার কারণে আইন প্রয়োগকারী সংস্থাগুলো আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারছিল না।

কার্দো রানিয়ার নেটওয়ার্ক আফগানিস্তান থেকে যুক্তরাজ্য পর্যন্ত বিস্তৃত। তিনি নিজের নাম নিয়েছেন ইরাকি কুর্দিস্তানের রানিয়া শহর থেকে, যা সক্রিয় পাচার নেটওয়ার্কের জন্য কুখ্যাত। যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) জানিয়েছে, ছোট নৌকায় অভিবাসন ব্যবসার বড় অংশই কুর্দিদের নিয়ন্ত্রণে।

কার্দো রানিয়া নিজের মুখ দেখিয়ে সামাজিক মাধ্যমে বিজ্ঞাপন দিয়েছেন। সেখানে তিনি লন্ডনের বিলাসবহুল জীবনযাপনের ছবি ও সফলভাবে পৌঁছানো অভিবাসীদের অভিজ্ঞতা তুলে ধরেছেন। তার নেটওয়ার্ক একজন অভিবাসীর কাছ থেকে প্রায় ১৭ হাজার ইউরো (১৫ হাজার পাউন্ড) নেয়। প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অর্থ বেশি হলেও তিনি নিরাপদ যাত্রার প্রতিশ্রুতি দেন।

তবে বাস্তবে এই যাত্রা অবৈধ ও বিপজ্জনক। অনেক অভিবাসী প্রাণ হারিয়েছেন। ২০২০ সাল থেকে যুক্তরাজ্যে অবৈধ প্রবেশের সবচেয়ে সাধারণ পথ হয়ে উঠেছে ছোট নৌকা। প্রায় সবাই আশ্রয়ের আবেদন করেন, কারণ তারা নিজ দেশে নিরাপদে থাকতে পারেন না বলে দাবি করেন।

ফরাসি অভিবাসী ক্যাম্পে শোনা যায় রানিয়ার এক তরুণ, শোয়ানা, গত বছর যাত্রা শুরু করেছিলেন। ২৪ বছর বয়সী শোয়ানা ১০০ জনের সঙ্গে এমন একটি নৌকায় উঠেছিলেন, যা সর্বোচ্চ ২০ জন বহন করতে সক্ষম। মাঝপথে নৌকাটি ডুবে যায়। অধিকাংশকে উদ্ধার করা হলেও চারজন নিখোঁজ হন, তাদের মধ্যে শোয়ানাও ছিলেন। তার মরদেহ আর পাওয়া যায়নি।

শোয়ানার পরিবার জানিয়েছে, তিনি সামাজিক মাধ্যমের বিজ্ঞাপন দেখে যুক্তরাজ্যে ভালো জীবনের আশায় যাত্রা করেছিলেন। ইরাকি কুর্দিস্তানে বেকারত্ব ও সুযোগের অভাব তরুণদের পাচারকারীদের ফাঁদে ফেলছে।

২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের সংখ্যা ছিল ১ লাখ ৩ হাজারের বেশি। তাদেরকে হোটেল, ভাড়া বাড়ি বা পুরনো সামরিক স্থাপনায় রাখা হচ্ছে। অভিবাসীদের বড় অংশই ৪০ বছরের নিচে, আর পুরুষদের সংখ্যা প্রায় ৯০ শতাংশ।

বিশেষজ্ঞরা বলছেন, রানিয়া শহর থেকে পরিচালিত এই নেটওয়ার্ক ধ্বংস করতে পারলে যুক্তরাজ্যে অভিবাসন সংকটের বড় অংশ সমাধান হতে পারে। ইরাকি কুর্দিস্তানের সংসদ সদস্য মুথানা নাদার বলেন, “রানিয়া থেকে নিয়ন্ত্রিত পাচারকারীদের ধরতে পারলে সমস্যার ৭০ শতাংশ সমাধান হবে।”

বিবিসির অনুসন্ধান দেখিয়েছে কীভাবে একটি শক্তিশালী নেটওয়ার্ক তরুণদের জীবন নিয়ে খেলছে এবং ইউরোপ থেকে যুক্তরাজ্যে অবৈধ অভিবাসনকে আরো জটিল করে তুলছে।

Logo