Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

কানাডায় ভালো ডিগ্রি ও চাকরি পেলে সহজ হবে পিআর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৮:৩৮

কানাডায় ভালো ডিগ্রি ও চাকরি পেলে সহজ হবে পিআর

কানাডায় স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করছেন এমন হাজারো আন্তর্জাতিক শিক্ষার্থী ও বিদেশি কর্মীর জন্য আসতে পারে নতুন সুযোগ। দেশটির জনপ্রিয় অভিবাসন ব্যবস্থা এক্সপ্রেস এন্ট্রিতে বড় ধরনের পরিবর্তনের চিন্তা করছে কানাডা সরকার।

প্রস্তাবিত পরিবর্তন অনুযায়ী, যারা তুলনামূলক উচ্চ বেতনে কাজ করছেন বা এ ধরনের চাকরির অফার পেয়েছেন, তাঁরা বাড়তি সুবিধা পেতে পারেন। বিষয়টি নিয়ে জনমত নিচ্ছে ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি)। প্রকাশিত পরামর্শপত্রে বলা হয়েছে, শ্রমবাজারে যেসব পেশার চাহিদা বেশি এবং অর্থনীতিতে বড় অবদান রাখে, সেসব খাতের দক্ষ কর্মীদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বিবেচনায় আনা হচ্ছে।

বর্তমানে এক্সপ্রেস এন্ট্রিতে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, ভাষা দক্ষতা ও কাজের অভিজ্ঞতার ভিত্তিতে পয়েন্ট দেওয়া হয়। নতুন প্রস্তাব বাস্তবায়িত হলে আবেদনকারীর পেশার মূল্যও পয়েন্ট নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অর্থাৎ, উচ্চ বেতনের পেশায় নিয়োজিত বা চাকরির অফার পাওয়া আবেদনকারীরা অতিরিক্ত পয়েন্ট পেতে পারেন। তবে এখনো কোনো নির্দিষ্ট তালিকা, বেতনসীমা বা পয়েন্ট কাঠামো চূড়ান্ত হয়নি।

কানাডা মনে করছে, উচ্চ দক্ষতা ও উচ্চ আয়ের পেশাজীবীরা দ্রুত কর্মসংস্থানে যুক্ত হন, বেশি কর দেন এবং শ্রমবাজারের ঘাটতি পূরণে ভূমিকা রাখেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর সঙ্গে দক্ষ কর্মী আকর্ষণের প্রতিযোগিতায় এগিয়ে থাকতে চায় কানাডা।

তবে নিয়ম এখনই বদলাচ্ছে না। এটি আলোচনার পর্যায়ে রয়েছে। ২৪ মে পর্যন্ত জনমত নেওয়া হবে। এরপর মতামত বিশ্লেষণ করে সরকার সিদ্ধান্ত নেবে। অভিবাসন বিশ্লেষকদের ধারণা, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে নতুন নিয়ম কার্যকর হতে আরও এক থেকে দেড় বছর সময় লাগতে পারে।

বর্তমানে কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থী, পোস্টগ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিটধারী কর্মী এবং ভবিষ্যতে এক্সপ্রেস এন্ট্রিতে আবেদন করতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য এটি গুরুত্বপূর্ণ খবর। তবে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, এখনই কোনো গুঞ্জনের ভিত্তিতে পরিকল্পনা বদলে না ফেলে আইআরসিসির আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

Logo