ইংলিশ চ্যানেলে নৌকা বিকল, ফরাসি কোস্টগার্ডে উদ্ধার ১১৯ অভিবাসী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৪
ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার চেষ্টা করতে গিয়ে নৌকা বিকল হওয়ায় শতাধিক অভিবাসীকে উদ্ধার করেছে ফরাসি কোস্টগার্ড। ২৬ এপ্রিল ভোরে উইমেরু উপকূলের দিকে যাত্রা করা একটি নৌকা বিকল হয়ে পড়লে এতে থাকা ১০৬ জনকে উদ্ধার করে ক্যালেতে নিয়ে যাওয়া হয়।
কোস্টগার্ড জানিয়েছে, নৌকায় ওঠার সময় কয়েকজন অভিবাসী বিপদে পড়েন। এর মধ্যে একজন নারী অজ্ঞান হয়ে পড়লে তাকে হেলিকপ্টারের মাধ্যমে হাসপাতালে নেওয়া হয়। ফরাসি কোস্টগার্ডের এক মুখপাত্র বলেন, “এই সমুদ্র এলাকা বিশ্বের অন্যতম ব্যস্ত রুট। এখানে আবহাওয়া প্রায়ই প্রতিকূল থাকে; প্রচণ্ড বাতাস, স্রোত, বালুচর এবং শীতকালে পানির তাপমাত্রা কয়েক মিনিটের মধ্যেই জীবনহানি ঘটাতে পারে।”
২৫ এপ্রিল ফ্রান্সের উত্তর উপকূলে তিনটি পৃথক উদ্ধার অভিযানে মোট ১১৯ জনকে নিরাপদে তোলা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, ছোট নৌকায় চ্যানেল পাড়ি দেওয়ার চেষ্টা অভিবাসীদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
এই ঘটনার কয়েক দিন আগে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ ফ্রান্সের সঙ্গে তিন বছরের একটি চুক্তি স্বাক্ষর করেছেন। চুক্তি অনুযায়ী, যুক্তরাজ্য ফ্রান্সকে ৬৬২ মিলিয়ন পাউন্ড দেবে উপকূল পাহারা জোরদার করতে এবং অভিবাসীদের নৌকায় ওঠা ঠেকাতে। এর মধ্যে ৫০১ মিলিয়ন পাউন্ড ব্যয় হবে পাঁচটি পুলিশ ইউনিট ও সৈকতে নজরদারির জন্য। অতিরিক্ত ১৬০ মিলিয়ন পাউন্ড কেবল তখনই দেওয়া হবে যদি নতুন কৌশল কার্যকর হয়।
সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৬ হাজারের বেশি অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৬ শতাংশ কম। তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে, সীমান্তে কঠোর নজরদারি অভিবাসীদের ঝুঁকি আরো বাড়িয়ে তুলছে।
logo-1-1740906910.png)