মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ভিক্ষুকের উপস্থিতি নতুন নয়। তবে সাম্প্রতিক সময়ে শহরের কেন্দ্রে এক ভিন্নধর্মী প্রবণতা দেখা যাচ্ছে। নারী ও শিশুদের নিয়ে দলবদ্ধভাবে ভিক্ষুকরা এখন আরো সরাসরি পথচারীদের কাছে অর্থ দাবি করছে।
দেশটির সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমসের প্রতিবেদন বলছে, আগে যেখানে ভিক্ষুকরা মূলত রাস্তায় বসে থাকত, এখন তারা সক্রিয়ভাবে মানুষের কাছে গিয়ে অর্থ চাইছে। এমনকি রেস্টুরেন্ট ও খাবারের দোকানেও প্রবেশ করে গ্রাহকদের বিরক্ত করছে। এক রেস্টুরেন্টের ক্যাশিয়ার জানান, বিকেল ৪টার পর থেকে তারা দোকানে আসতে শুরু করে। বারবার ফেরত পাঠানো হলেও তারা আবার ফিরে আসে, যা গ্রাহকদের জন্য বিরক্তিকর হয়ে উঠছে।
একজন লেখক জেনিফার সি. নিজের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, তিনি ও তার বন্ধুরা দুপুরে খাবার খাওয়ার সময় হঠাৎ কালো পোশাক পরা এক নারী ভেতরে ঢুকে প্রতিটি টেবিলে গিয়ে অর্থ চাইতে শুরু করে। এ ধরনের আচরণ অনেকের কাছে অস্বস্তিকর ও ভীতিকর মনে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, এই প্রবণতা শহরের সামাজিক পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলছে। সাধারণ মানুষ রাস্তায় চলাচল কিংবা রেস্টুরেন্টে বসে খাওয়ার সময় বারবার বিরক্ত হচ্ছেন। অনেকেই মনে করছেন, এটি শুধু ভিক্ষাবৃত্তি নয়, বরং সংগঠিতভাবে অর্থ আদায়ের চেষ্টা।
কুয়ালালামপুরে ভিক্ষুকের সংখ্যা বাড়ছে এবং তাদের আচরণ আরো দৃঢ় হচ্ছে। বিশেষ করে নারী ও শিশুদের ব্যবহার করে মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা করা হচ্ছে। তবে এই প্রবণতা শহরের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
logo-1-1740906910.png)