Logo
×

Follow Us

ইউরোপ

তথ্য যাচাইয়ে ভুল; অভিবাসীদের বহিষ্কার করেও বাতিল করল পর্তুগাল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১১:১৯

তথ্য যাচাইয়ে ভুল; অভিবাসীদের বহিষ্কার করেও বাতিল করল পর্তুগাল

পর্তুগালের অভিবাসন সংস্থা এআইএমএ সম্প্রতি এক মাসের মধ্যে দু’বার বহিষ্কার আদেশ জারি করে পরে তা বাতিল করেছে। মিডিয়ার হস্তক্ষেপে এই সিদ্ধান্তগুলো পরিবর্তন করা হয়, যা সংস্থার কার্যক্রম নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

প্রথম ঘটনায় মার্লেন নামের এক নারী, যিনি সাও টোমে ও প্রিন্সিপ থেকে এসেছেন এবং ২০২৩ সাল থেকে আমাদোরায় স্বামী ও দুই সন্তানসহ বসবাস করছেন, জানুয়ারিতে বহিষ্কার আদেশ পান। অথচ তিনি বাসার লিজ, ভাড়ার রসিদ ও চাকরির চুক্তিসহ সব নথি জমা দিয়েছিলেন। কর্তৃপক্ষ দাবি করে, তার আবাসনের প্রমাণ নেই। কিন্তু একই বাড়িতে বসবাসরত তার আট বছরের মেয়ের আবাসিক অনুমতি নবায়ন করা হয়। এই দ্বান্দিক সিদ্ধান্তে ব্যাপক সমালোচনা শুরু হয়।

এআইএমএ পরে জানায়, তথ্য যাচাইয়ের সময় ক্রস-রেফারেন্সে ভুল হয়েছে। মার্লেনের অনলাইন আবেদন ও ডাকযোগে পাঠানো নথি সম্পূর্ণভাবে পর্যালোচনা করা হয়নি, ফলে “অসম্পূর্ণ বিশ্লেষণ” দেখিয়ে প্রত্যাখ্যান করা হয়েছিল। মিডিয়ার প্রশ্নের মুখে সংস্থা দ্রুত আদেশ বাতিল করে।

এর মাত্র এক সপ্তাহ আগে আলগার্ভে বসবাসরত ৯ বছরের এক ব্রাজিলিয়ান শিশুর ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটে। শিশুটির পরিবার বৈধভাবে বসবাস ও কাজ করলেও তাকে বহিষ্কারের আদেশ দেওয়া হয়। পরে মিডিয়ার চাপের মুখে সেই আদেশও বাতিল করা হয়।

দুই ক্ষেত্রেই এআইএমএ স্বীকার করেছে যে, সিদ্ধান্তগুলো ভুল ছিল এবং প্রক্রিয়াগুলো পুনর্মূল্যায়ন করা হয়েছে। সংস্থাটি বলছে, বহিষ্কার নোটিশ নিজে থেকে বাধ্যতামূলক নয়, বরং যাদের ক্ষেত্রে ভুল হয়েছে, তারা আপিল করে সংশোধনের সুযোগ নিতে পারেন।

Logo