প্রবাস অর্থনীতির খবর
যুদ্ধ না থামলে গরিব হতে পারে ৩ কোটির বেশি মানুষ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১২:৫১
ইরান-আমেরিকা যুদ্ধের কারণে বিশ্বব্যাপী গরিব হয়ে যেতে পারে ৩ কোটি ২০ লাখ মানুষ। তাছাড়া বিশ্ব অর্থনীতিতে পড়তে পারে যুদ্ধের গভীর প্রভাব। জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপি জানিয়েছে, যুদ্ধের প্রভাব বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।
সংস্থাটি বলছে, এই পরিস্থিতিতে তিনটি বড় অর্থনৈতিক ধাক্কা একসাথে কাজ করছে— জ্বালানির দাম বৃদ্ধি, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত এবং দ্রুত ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি। এই তিনটি সম্মিলিত প্রভাবকে ‘ট্রিপল শক’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বৃদ্ধি পাওয়ায় বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় সরাসরি পরিবহন খরচ বাড়াচ্ছে। আর তাতে পণ্যের উৎপাদন খরচ বাড়িয়ে দেবে। এর ফলে খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বৃদ্ধি পাবে, যা নিম্ন ও মধ্যম আয়ের মানুষের ওপর সবচেয়ে বেশি চাপ সৃষ্টি করবে।
একই সাথে কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়া, রেমিট্যান্স প্রবাহে নেতিবাচক প্রভাব এবং বিনিয়োগ কমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।
ইউএনডিপি আরো জানিয়েছে, এ পরিস্থিতিতে দরিদ্র জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। অনেক পরিবার আবারো চরম দারিদ্র্যের মধ্যে পড়ে যেতে পারে, যা বৈশ্বিক উন্নয়ন অগ্রগতিকে পিছিয়ে দিতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, যদি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে এই সংকট দীর্ঘমেয়াদে বৈশ্বিক অর্থনীতি এবং মানবিক পরিস্থিতির ওপর গভীর প্রভাব ফেলতে পারে।
logo-1-1740906910.png)