Logo
×

Follow Us

এশিয়া

এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় মালয়েশিয়ার ইউটিপি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৮:০২

এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় মালয়েশিয়ার ইউটিপি

মালয়েশিয়ার উচ্চশিক্ষা খাতে নতুন মাইলফলক তৈরি হয়েছে। প্রথমবারের মতো দেশটির একটি বিশ্ববিদ্যালয় এশিয়ার শীর্ষ ৪০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নিয়েছে। টাইমস হায়ার এডুকেশন (THE) এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৬-এ ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাস (UTP) আট ধাপ এগিয়ে ৩৫তম স্থানে উঠে এসেছে। এ স্থানটি তারা চীনের তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ভাগাভাগি করছে।

মালয়েশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ র‌্যাঙ্কধারী প্রতিষ্ঠান ইউনিভার্সিটি মালায়া (UM) এক ধাপ পিছিয়ে ৬৫তম স্থানে রয়েছে। এ বছর মোট ২৭টি মালয়েশিয়ান বিশ্ববিদ্যালয় তালিকায় স্থান পেয়েছে। এর মধ্যে রেকর্ড ছয়টি বিশ্ববিদ্যালয় টপ ১০০-তে প্রবেশ করেছে, যা গত বছরের তুলনায় দ্বিগুণ।

সানওয়ে ইউনিভার্সিটি ১৪১তম স্থান থেকে লাফিয়ে উঠে যৌথভাবে ৮৪তম স্থানে এসেছে। ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া (UKM) ১০৩তম স্থান থেকে উঠে যৌথভাবে ৮৭তম স্থানে এবং ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়া (USM) ১০৩তম থেকে উঠে ১০০তম স্থানে জায়গা করে নিয়েছে। এছাড়া ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া ৯৫তম, ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া যৌথভাবে ১২৩তম, ইউনিভার্সিটি উতারা মালয়েশিয়া ১২৫তম, ইউনিভার্সিটি মালয়েশিয়া পাহাং আল-সুলতান আবদুল্লাহ ১৬৫তম, ইউনিভার্সিটি পেনডিডিকান সুলতান ইদ্রিস ১৬৮তম এবং ইউনিভার্সিটি তেনাগা ন্যাশনাল যৌথভাবে ১৮৬তম স্থানে রয়েছে।

এ বছর মোট ৩৬টি দেশ ও অঞ্চলের ৯২৯টি বিশ্ববিদ্যালয় তালিকায় স্থান পেয়েছে, যা গত বছরের ৮৫৩টির তুলনায় বেশি। চীন আবারো শীর্ষে রয়েছে। টসিংহুয়া বিশ্ববিদ্যালয় টানা অষ্টমবারের মতো প্রথম স্থানে এবং পেকিং বিশ্ববিদ্যালয় দ্বিতীয় স্থানে রয়েছে। শীর্ষ দশে চীনের আরো চারটি বিশ্ববিদ্যালয় রয়েছে। সিঙ্গাপুর, জাপান ও হংকংয়ের বিশ্ববিদ্যালয়গুলোও শীর্ষ দশে অবস্থান করছে।

টাইমস হায়ার এডুকেশনের প্রধান গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার ফিল ব্যাটি বলেছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলো শক্তিশালী ফলাফল দেখাচ্ছে। বিশেষ করে মালয়েশিয়া উল্লেখযোগ্য অগ্রগতি করেছে এবং ভবিষ্যতে এশিয়া ও বিশ্বে উচ্চশিক্ষার বড় খেলোয়াড় হয়ে উঠতে পারে।

এই র‌্যাঙ্কিংয়ে পাঁচটি সূচক বিবেচনা করা হয়— শিক্ষাদান পরিবেশ, গবেষণা পরিবেশ, গবেষণার মান, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এবং শিল্প খাতের সঙ্গে সম্পৃক্ততা। এসব সূচকে উন্নতি করেই মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলো এ বছর উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

Logo