পূর্ব লন্ডনের স্থানীয় নির্বাচনে তিন শতাধিক বাংলাদেশি প্রার্থী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১১:০০
পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত চারটি বরোতে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত তিন শতাধিক প্রার্থী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। টাওয়ার হ্যামলেটস, নিউহাম, রেডব্রিজ ও বার্কিং অ্যান্ড ড্যাগেনহামে আগামী ৭ মে ভোট অনুষ্ঠিত হবে।
নির্বাচনী পরিসংখ্যান অনুযায়ী, চারটি বরোর মোট ৮৫টি ওয়ার্ডে ২২৫টি কাউন্সিলর আসনের বিপরীতে প্রায় এক হাজার প্রার্থী লড়ছেন। এর মধ্যে ৩০০-এর বেশি প্রার্থীই বাংলাদেশি বংশোদ্ভূত। সবচেয়ে বেশি প্রার্থী রয়েছেন টাওয়ার হ্যামলেটসে, এরপর নিউহাম, রেডব্রিজ ও বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম।
এ বরোতে বাংলাদেশিদের আধিপত্য সবচেয়ে বেশি। ২০টি ওয়ার্ডের ৪৫টি আসনের বিপরীতে লড়ছেন ১২১ জন বাংলাদেশি। বর্তমান মেয়র লুৎফুর রহমান বাংলাদেশি বংশোদ্ভূত। স্থানীয় দল এসপায়ার পার্টি ও টাওয়ার হ্যামলেটস ইনডিপেনডেন্ট সবচেয়ে বেশি বাংলাদেশিকে মনোনয়ন দিয়েছে। লেবার পার্টি থেকেও মেয়র পদে সিরাজুল ইসলামসহ ২৫ জন বাংলাদেশি কাউন্সিলর প্রার্থী হয়েছেন। এ বরোর দুই এমপি রুশনারা আলী ও আপসানা বেগমও বাংলাদেশি বংশোদ্ভূত।
২৪টি ওয়ার্ডের ৬৬টি আসনের বিপরীতে লড়ছেন ৮৭ জন বাংলাদেশি প্রার্থী। লেবার, কনজারভেটিভ, গ্রিন পার্টি ছাড়াও নিউহাম ইনডিপেনডেন্ট ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে অনেক বাংলাদেশি প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে লেবার থেকে ফরহাদ হোসেন এবং গ্রিন পার্টি থেকে আরিক চৌধুরী লড়ছেন। প্রায় দুই লাখ ভোটারের এ কাউন্সিলে বাংলাদেশি ভোট জয়-পরাজয়ের বড় নিয়ামক।
২২টি ওয়ার্ডে ৬৩টি আসনের বিপরীতে প্রায় ৩০০ প্রার্থী লড়ছেন, এর মধ্যে ৫৫ জন বাংলাদেশি। লেবার ও কনজারভেটিভ পার্টি থেকে সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছেন তারা। ইলফোর্ড এলাকায় স্বতন্ত্র প্রার্থীদের উত্থানে বাংলাদেশি প্রার্থীদের প্রভাব বেড়েছে।
১৯টি ওয়ার্ডের ৫১টি আসনের বিপরীতে প্রায় ২০০ প্রার্থী লড়ছেন, এর মধ্যে ৩৪ জন বাংলাদেশি। বেশির ভাগই লেবার, কনজারভেটিভ ও গ্রিন পার্টির মনোনীত। সাবেক মেয়র মঈন কাদরী এবার লেবার ছেড়ে গ্রিন পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চারটি বরোতেই লেবার পার্টি প্রধান শক্তি হলেও কনজারভেটিভ, গ্রিন, লিবডেম ও স্বতন্ত্র প্রার্থীরাও শক্ত অবস্থানে রয়েছেন। বিশেষ করে টাওয়ার হ্যামলেটস ও নিউহামে আঞ্চলিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের আধিক্য নির্বাচনের সমীকরণকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশি কমিউনিটির এই ব্যাপক অংশগ্রহণ শুধু প্রার্থী সংখ্যায় নয়, বরং ভোটের ফল নির্ধারণেও বড় ভূমিকা রাখবে। স্থানীয় নির্বাচনে এই বিপুল প্রার্থিতা ব্রিটিশ-বাংলাদেশিদের রাজনৈতিক সচেতনতা ও আগ্রহের বড় ইঙ্গিত।
এবারের নির্বাচনে লড়ছেন অজন্তা দেব রয়, সায়মা আহমেদ, হামিম চৌধুরী, রাবিনা খান, আবু তালহা চৌধুরী, রহিমা রহমান, সৈয়দ আবুল বাশার, আব্দুল কাদির চৌধুরী মুরাদ, সাঈদা চৌধুরী ও মঈন কাদরী।
logo-1-1740906910.png)