Logo
×

Follow Us

এশিয়া

কম্বোডিয়ায় অবস্থানরত অবৈধ বাংলাদেশিদের বিশেষ সুযোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ২২:১৪

কম্বোডিয়ায় অবস্থানরত অবৈধ বাংলাদেশিদের বিশেষ সুযোগ

কম্বোডিয়ান সরকার ঘোষণা করেছে, আগামী ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত অনিয়মিতভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের দেশে ফেরার বিষয়ে নমনীয়তা প্রদর্শন করা হবে। বিশেষ করে অনলাইন স্ক্যাম সেন্টারে কর্মরত বিদেশিদের জন্য এই সুযোগ দেওয়া হচ্ছে। তবে নির্ধারিত সময়সীমা শেষে স্থানীয় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ দূতাবাস, ব্যাংকক প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনিয়মিতভাবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরার জন্য ওভারস্টে জরিমানা মওকুফ এবং ট্রাভেল পাস প্রদানের মাধ্যমে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। এর অংশ হিসেবে গত ৪-৫ এপ্রিল নমপেনে আয়োজিত কনস্যুলার ক্যাম্পে শতাধিক ট্রাভেল পাস ইস্যু করা হয়েছে।

তবে দেখা যাচ্ছে, কিছু বাংলাদেশি নাগরিক ট্রাভেল পাসের মেয়াদ শেষ হওয়ার পরও দেশে ফেরার উদ্যোগ নিচ্ছেন না। বরং তারা স্থানীয় বা বিদেশি ব্যক্তিদের পরামর্শে কম্বোডিয়ায় অবস্থান করছেন কিংবা পার্শ্ববর্তী দেশে অনুপ্রবেশের চেষ্টা করছেন। এতে তাদের পরিস্থিতি আরো জটিল হয়ে পড়ছে এবং জেল-জরিমানার ঝুঁকি বাড়ছে।

এমতাবস্থায় দূতাবাস অনিয়মিতভাবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের দ্রুত আবেদন করে ট্রাভেল পাস সংগ্রহ এবং নিরাপদে দেশে ফেরার উদ্যোগ নিতে পরামর্শ দিয়েছে।

আবেদন প্রক্রিয়ায় বলা হয়েছে, ইমেইলের মাধ্যমে (mission.bangkok@mofa.gov.bd, fsbangkok@probashi.gov.bd) অথবা দূতাবাসে সরাসরি আবেদন করতে হবে। ট্রাভেল পাসের জন্য আবেদনপত্রের সঙ্গে পাসপোর্টের কপি, জাতীয় পরিচয়পত্র, পুলিশ ক্লিয়ারেন্স, ছবি এবং বর্তমান অবস্থানের বিস্তারিত তথ্য জমা দিতে হবে। আর ওভারস্টে জরিমানা মওকুফের জন্য পাসপোর্ট ও ভিসার কপি সংযুক্ত করতে হবে।

দূতাবাসের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে দেশে ফেরার উদ্যোগ না নিলে স্থানীয় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাই কম্বোডিয়ায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের আইন মেনে চলা এবং নিরাপদে দেশে ফেরার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।

Logo