মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরার সুযোগ করে দিতে চালু হওয়া ‘অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি ২.০’-তে ইতোমধ্যে ২ লাখ ২০ হাজারেরও বেশি বিদেশি নাগরিক নিবন্ধন করেছেন। এর মধ্যে ২ লাখ ৪ হাজার ৫২৩ জন অভিবাসী সফলভাবে নিজ দেশে ফিরে গেছেন।
১৫ এপ্রিল দেশটির প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত বছরের ১৯ মে থেকে শুরু হওয়া এই বিশেষ কর্মসূচির আওতায় এখন পর্যন্ত মোট ২ লাখ ২৮ হাজার ৯৬১ জন বিদেশি নিবন্ধন সম্পন্ন করেছেন। এই প্রক্রিয়া থেকে মালয়েশিয়া সরকার ফি বাবদ প্রায় ১১ কোটি ৪৫ লাখ রিঙ্গিত রাজস্ব আদায় করেছে।
তালিকায় শীর্ষস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার নাগরিকরা আর দ্বিতীয় স্থানে বাংলাদেশিরা। এছাড়া অন্যান্য দেশ থেকেও বিপুল সংখ্যক অভিবাসী এই কর্মসূচির আওতায় দেশে ফিরেছেন।
জাকারিয়া শাবান বলেন, কর্মসূচির নির্ধারিত সময়সীমা চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত রয়েছে। তবে ইতিবাচক সাড়া বিবেচনায় সময়সীমা আরো বাড়ানো হতে পারে। তিনি জানান, এটি মূলত একটি স্বেচ্ছামূলক সাধারণ ক্ষমা কর্মসূচি, যার মাধ্যমে অবৈধ অভিবাসীরা কোনো ধরনের আইনি বিচার বা শাস্তির মুখোমুখি না হয়েই নিজ দেশে ফেরার সুযোগ পাচ্ছেন।
তবে তিনি স্পষ্ট করে বলেন, যারা পূর্ববর্তী প্রত্যাবাসন কর্মসূচিতে নিবন্ধন করেও দেশত্যাগ করেননি অথবা যারা ইমিগ্রেশনের কালো তালিকাভুক্ত কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য আইন প্রয়োগকারী সংস্থার তালিকায় ওয়ান্টেড হিসেবে রয়েছেন, তারা এই কর্মসূচির সুবিধা পাবেন না।
logo-1-1740906910.png)