Logo
×

Follow Us

ইউরোপ

ইতালির আরেজ্জোতে প্রবাসীদের জন্য কনস্যুলার ক্যাম্প ঘোষণা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ২১:২৪

ইতালির আরেজ্জোতে প্রবাসীদের জন্য কনস্যুলার ক্যাম্প ঘোষণা

ইতালির আরেজ্জো শহরে প্রবাসী বাংলাদেশিদের জন্য দুই দিনব্যাপী কনস্যুলার ক্যাম্প অনুষ্ঠিত হবে। আগামী ১৮ ও ১৯ এপ্রিল (শনিবার ও রোববার) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত Parrocchia di San Donato, Via James Cook, 3, 52100, Arezzo AR ঠিকানায় এই ক্যাম্প অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ দূতাবাস, রোম প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ক্যাম্পে প্রবাসীরা ই-পাসপোর্ট আবেদন, এনভিআর (No Visa Required) আবেদন, ট্রাভেল পারমিট ইস্যু, পাসপোর্ট ডেলিভারি, জন্ম নিবন্ধন, ওয়েব অনলাইন সার্টিফিকেট এবং অন্যান্য কনস্যুলার সেবা গ্রহণ করতে পারবেন। নারী, শিশু, প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্ন নাগরিকদের জন্য পৃথক কাউন্টারও থাকবে।

ই-পাসপোর্ট আবেদনের জন্য প্রয়োজন হবে পুরাতন পাসপোর্ট, জন্ম নিবন্ধন সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র এবং প্রয়োজনে শিক্ষাগত যোগ্যতার সনদ। সংশোধনের ক্ষেত্রে জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তথ্য সংযোজন বা ভুলত্রুটি সংশোধন করা যাবে, তবে ইতালীয় কর্তৃপক্ষের প্রমাণপত্র প্রয়োজন হবে।

০-৬ বছর বয়সী শিশুর ই-পাসপোর্টের জন্য শিশুর জন্ম সনদে পিতামাতার নাম সঠিকভাবে থাকতে হবে এবং ছবিতে মুখমণ্ডল স্পষ্টভাবে দেখা যেতে হবে। এছাড়া শিশুর জন্ম নিবন্ধন সনদ, পিতামাতার পাসপোর্টের কপি ও শিশুর ছবি জমা দিতে হবে।

বিভিন্ন সেবার জন্য নির্ধারিত ফিও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। প্রাপ্তবয়স্কদের পাসপোর্টের জন্য ১৩০ ইউরো বা ৫৫ ইউরো (যদি সার্টিফিকেট থাকে), শিশুদের পাসপোর্টের জন্য ৩০ ইউরো বা ৫৫ ইউরো, জন্ম নিবন্ধনের জন্য ৫ ইউরো এবং এনভিআরের জন্য ৩৫ ইউরো ফি নির্ধারিত হয়েছে।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, এই ক্যাম্পের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসে না গিয়ে স্থানীয়ভাবে প্রয়োজনীয় সেবা গ্রহণের সুযোগ তৈরি হবে। এতে সময় ও খরচ উভয়ই কমবে এবং প্রবাসীদের প্রশাসনিক কার্যক্রম আরো সহজ হবে।

Logo