Logo
×

Follow Us

ইউরোপ

জার্মানিতে প্রতি চারজনের একজন অভিবাসী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ২১:২০

জার্মানিতে প্রতি চারজনের একজন অভিবাসী

জার্মানিতে বসবাসরত প্রতি চারজনের একজনের অভিবাসন ইতিহাস রয়েছে। ফেডারেল স্ট্যাটিস্টিক্যাল অফিস (ডেস্টাটিস) জানিয়েছে, মোট জনসংখ্যার ২৬.৩ শতাংশ বা প্রায় ২ কোটি ১৮ লাখ মানুষ হয় নিজেরাই জার্মানিতে অভিবাসন করেছেন অথবা তাদের বাবা-মা দুজনই অভিবাসী ছিলেন।

ডয়েচে ভেলে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রায় ১ কোটি ৬৪ লাখ মানুষ প্রথম প্রজন্মের অভিবাসী, যারা নিজেরাই জার্মানিতে এসেছেন। এ সংখ্যা ২০২৫ সালে মাত্র ১.৭ শতাংশ বেড়েছে, যা আগের বছরের তুলনায় কম। অন্যদিকে ৫৪ লাখ মানুষ দ্বিতীয় প্রজন্মের অভিবাসী, যারা জার্মানিতে জন্মেছেন কিন্তু তাদের বাবা-মা দুজনই অভিবাসী ছিলেন।

২০০৫ সাল থেকে অভিবাসন ইতিহাসধারী মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তখন এ সংখ্যা ছিল ১ কোটি ৩০ লাখ, যা ২০২৫ সালে বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ১৮ লাখে। অর্থাৎ ২০ বছরে প্রায় ৮৮ লাখ মানুষ যুক্ত হয়েছে।

অভিবাসীদের মধ্যে সবচেয়ে বড় উৎস দেশগুলো হলো পোল্যান্ড ও তুরস্ক (প্রায় ১৫ লাখ করে), ইউক্রেন (১৩ লাখ), রাশিয়া (১০ লাখ) এবং সিরিয়া (১০ লাখ)।

শিক্ষার ক্ষেত্রে দেখা যায়, ২৫ থেকে ৩৪ বছর বয়সী অভিবাসীদের মধ্যে ৩৩ শতাংশ বিশ্ববিদ্যালয় ডিগ্রিধারী, যা জাতীয় গড়ের সমান। তবে ৩৬ শতাংশের কোনো আনুষ্ঠানিক যোগ্যতা নেই, যা জাতীয় গড়ের দ্বিগুণ।

বয়সভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, তরুণদের মধ্যে অভিবাসন ইতিহাস বেশি। ২৫ থেকে ৩৪ বছর বয়সীদের মধ্যে ৩৬ শতাংশের অভিবাসন ইতিহাস রয়েছে, যেখানে ৬৫ বছরের বেশি বয়সীদের মধ্যে এ হার মাত্র ১৪ শতাংশ। সামগ্রিকভাবে অভিবাসন ইতিহাসধারী মানুষের গড় বয়স জাতীয় গড়ের তুলনায় প্রায় ৯ বছর কম।

ডেস্টাটিস জানিয়েছে, ‘অভিবাসন ইতিহাস’ শব্দটি তাদের প্রচলিত ‘মাইগ্রেশন ব্যাকগ্রাউন্ড’ থেকে আলাদা। এখানে শুধু সেসব মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা নিজেরাই অভিবাসন করেছেন অথবা যাদের বাবা-মা দুজনই অভিবাসী।

Logo