Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ায় মানব পাচারকারী ‘গ্যাং বোরহান’ তছনছ, আটক ২৭

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১২:০৬

মালয়েশিয়ায় মানব পাচারকারী ‘গ্যাং বোরহান’ তছনছ, আটক ২৭

মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের কোটা বারু এলাকায় মানব পাচারকারী চক্র ‘গ্যাং বোরহান’-এর বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। অভিযানে চক্রটির মূলহোতাসহ মোট ২৭ জনকে আটক করা হয়েছে।

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান জানান, গ্রেফতার হওয়া মূলহোতা একজন স্থানীয় মালয়েশীয় নাগরিক। তিনি এর আগে একই অপরাধে গ্রেফতার হলেও জেল থেকে বেরিয়ে আবারো মানব পাচারের সঙ্গে জড়িয়ে পড়েন। ইমিগ্রেশনের বিশেষ কৌশলগত দল (পিএএসটিএকে) এবং কেলান্তান শাখার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। প্রথমে দুইজন স্থানীয় ‘রিসিভার’কে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে মূলহোতাসহ আরো চারজন স্থানীয় নাগরিককে গ্রেফতার করা হয়।

একই আস্তানা থেকে পাচার হয়ে আসা ২২ জন বিদেশি নাগরিককে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বিদেশিদের মধ্যে রয়েছেন ৩ জন বাংলাদেশি, ২ জন ভারতীয় এবং মিয়ানমারের ১৭ জন নাগরিক। তাদের বয়স ১৩ থেকে ৪২ বছরের মধ্যে। বর্তমানে সবাইকে কেলান্তান ইমিগ্রেশন অফিসে রাখা হয়েছে।

তদন্তে জানা গেছে, চক্রটি সমুদ্র উপকূলীয় পথ ব্যবহার করে অবৈধভাবে অভিবাসীদের মালয়েশিয়ায় প্রবেশ করাত। এরপর তাদের কুয়ালালামপুরসহ বিভিন্ন এলাকায় পাঠানোর আগে গোপন আস্তানায় আটকে রাখা হতো। আটক পাঁচজন স্থানীয় নাগরিকের বিরুদ্ধে মানব পাচারবিরোধী আইন ২০০৭-এর অধীনে তদন্ত চলছে। অন্যদিকে বাংলাদেশিসহ ২২ জন বিদেশিকে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর ধারা ৬(১)(সি) অনুযায়ী অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক দেখানো হয়েছে।

অভিযান চলাকালে গুরুত্বপূর্ণ নথি ও বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে, যা পরবর্তী তদন্তে প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে। মালয়েশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে মানব পাচারকারী চক্রগুলোকে সম্পূর্ণভাবে ধ্বংস করা যায়।

Logo