Logo
×

Follow Us

ইউরোপ

যুক্তরাজ্যে ভিসা ও অভিবাসন ফি বাড়ল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৯:৫৪

যুক্তরাজ্যে ভিসা ও অভিবাসন ফি বাড়ল

৮ এপ্রিল থেকে যুক্তরাজ্যের ভিসা ও অভিবাসন ফি বাড়ানো হয়েছে। ফলে দেশটিতে ভ্রমণ, পড়াশোনা বা কাজ করতে আগ্রহীদের এখন বেশি অর্থ গুনতে হবে। ব্রিটিশ হোম অফিসের ঘোষণায় জানা যায়, মার্চে ঘোষিত এ পরিবর্তনগুলো যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থা আর্থিকভাবে টেকসই করার অংশ হিসেবে আনা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রকাশিত প্রতিবেদন বলছে, নতুন নিয়মে বেশির ভাগ ফি গড়ে ৬-৭ শতাংশ বেড়েছে। তবে কিছু ক্ষেত্রে আরো বেশি বৃদ্ধি হয়েছে। ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ETA) ফি ২৫ শতাংশ বেড়ে ১৬ থেকে ২০ পাউন্ড হয়েছে। পাসপোর্ট ফি বেড়েছে প্রায় ৮ শতাংশ।

ছয় মাস মেয়াদি ভিজিটর ভিসার ফি ১২৭ থেকে বেড়ে ১৩৫ পাউন্ড হয়েছে। শিক্ষার্থী ভিসার ফি ৫২৪ থেকে বেড়ে ৫৫৮ পাউন্ড হয়েছে। কর্ম ভিসার ক্ষেত্রেও খরচ বেড়েছে। স্কিলড ওয়ার্কার ভিসার ফি এখন ৮১৯ (তিন বছর পর্যন্ত) এবং দীর্ঘ মেয়াদে ১ হাজার ৬১৮ পাউন্ড।

দেশে অবস্থানরত আবেদনকারীদের ক্ষেত্রেও ফি বেড়েছে। স্কিলড ওয়ার্কার ভিসার ফি এখন ৯৪৩ (তিন বছর পর্যন্ত) এবং দীর্ঘ মেয়াদে ১,৮৬৫ পাউন্ড। হেলথ অ্যান্ড কেয়ার ভিসার ফি ৩২৪ থেকে ৬২৮ পাউন্ড পর্যন্ত হয়েছে। অস্থায়ী কর্ম ভিসা, যেমন ইন্ডিয়া ইয়াং প্রফেশনালস স্কিম, এখন ৩৪০ পাউন্ড।

স্থায়ী বসবাসের আবেদন ফি ৩ হাজার ২৯ থেকে বেড়ে ৩ হাজার ২২৬ পাউন্ড হয়েছে। ব্রিটিশ নাগরিকত্বের আবেদন ফি ১ হাজার ৬০৫ থেকে বেড়ে ১ হাজার ৭০৯ পাউন্ড হয়েছে। তবে শিশুদের নাগরিকত্ব নিবন্ধনের ফি প্রায় ১৮ শতাংশ কমে ১ হাজার পাউন্ড করা হয়েছে।

বিদেশি কর্মী নিয়োগে নিয়োগকর্তাদের খরচও বেড়েছে। যদিও স্পন্সরশিপ সার্টিফিকেটের ফি অপরিবর্তিত রয়েছে, বাড়তি ভিসা ফি তাদের সামগ্রিক ব্যয় বাড়াবে। এতে ব্যবসায়িক খরচ আরো চাপ সৃষ্টি করবে বলে আশঙ্কা করা হচ্ছে।

হোম অফিস বলছে, অভিবাসন ব্যবস্থা টেকসই রাখতে এ পরিবর্তন জরুরি। তবে আশঙ্কা করা হচ্ছে, বাড়তি ফি কিছু আবেদনকারীকে নিরুৎসাহিত করতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন, ভারতীয় শিক্ষার্থীদের চাহিদা তেমন কমবে না। কারণ ভিসা ফি মোট খরচের একটি ছোট অংশ, আর সিদ্ধান্তে বড় ভূমিকা রাখে শিক্ষার মান ও পড়াশোনা শেষে কাজের সুযোগ।

Logo