বাংলাদেশিদের জন্য সুখবর, নতুন নিয়মে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১০:৪৪
দুই বছর বন্ধ থাকার পর অবশেষে মালয়েশিয়ার শ্রমবাজার আবারো বাংলাদেশি কর্মীদের জন্য খুলছে। তবে এবার নিয়োগ প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন। দালালের দৌরাত্ম্য রুখতে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অভিবাসন ব্যয়ের পুরো ভার থাকবে নিয়োগকর্তার ওপর। সময় টেলিভিশনের এক প্রতিবেদনে এ তথ্য জানা য়ায়।
গত ৯ এপ্রিল পুত্রজায়ায় মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী আর রামানানের সঙ্গে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিনের বৈঠকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। বৈঠকে দুই দেশই দ্রুততম সময়ে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ কার্যক্রম শুরু করতে একমত হয়।
অতীতের বিশৃঙ্খলা ও দালালের প্রভাব বন্ধে এবার নিয়োগ প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সিস্টেম ব্যবহার করা হবে। এতে মধ্যস্বত্বভোগীদের হস্তক্ষেপ কমে আসবে। শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত বৈধ এজেন্সিগুলোই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। বাজারটি ধাপে ধাপে খোলা হবে। এরই মধ্যে নির্মাণ খাতে প্রায় ৮০০ কর্মীকে পরীক্ষামূলকভাবে নিয়োগ দেওয়া হয়েছে।
বর্তমানে মালয়েশিয়ায় বৈধভাবে কর্মরত বাংলাদেশি শ্রমিকের সংখ্যা ৮ থেকে ৯ লাখ। এটি দেশটির মোট বিদেশি শ্রমশক্তির প্রায় এক-তৃতীয়াংশ। কলকারখানা, নির্মাণ শিল্প এবং কৃষি খাতে বাংলাদেশিদের ব্যাপক চাহিদা রয়েছে। আগামী এক বছরে আরো ৩০ থেকে ৪০ হাজার কর্মী নিয়োগের সম্ভাবনা রয়েছে।
তুলনামূলক বেশি আয়ের সুযোগ এবং ব্যবসায়িক সাফল্যের কারণে নানা ঝুঁকি সত্ত্বেও মালয়েশিয়া এখনো বাংলাদেশি কর্মীদের প্রধান গন্তব্য।
১০ এপ্রিল কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসীদের সমস্যা সমাধান ও সংকট দূর করতে মালয়েশিয়া কর্তৃপক্ষের কাছে বাংলাদেশের পক্ষ থেকে সব দাবি ও প্রস্তাব স্বচ্ছতার সঙ্গে তুলে ধরা হয়েছে। তিনি প্রতিশ্রুতি দেন, এবারের নিয়োগ প্রক্রিয়া নিয়মিত তদারকির মাধ্যমে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত রাখা হবে।
প্রধানমন্ত্রীর শিক্ষা ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন জানান, প্রবাসীদের স্বার্থ রক্ষায় বর্তমান সরকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে। তিনি বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে সৃষ্ট সংকট রাতারাতি সমাধান সম্ভব নয়, তবে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। বিশেষ করে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের মানবাধিকার সুরক্ষা, উন্নত কর্মপরিবেশ এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
logo-1-1740906910.png)