মালয়েশিয়ায় অভিযানে বাংলাদেশিসহ ২৪ অবৈধ অভিবাসী আটক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৮:০২
মালয়েশিয়ার জোহর রাজ্যে অভিবাসন বিভাগের এক অভিযানে ৮ বাংলাদেশিসহ মোট ২৪ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। ১০ এপ্রিল জোহর অভিবাসন বিভাগ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়, গত ৭ এপ্রিল রাতে বাতু পাহাত এলাকার ১১টি ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক ভবনে একযোগে অভিযান চালানো হয়। রাত ৮টা থেকে শুরু হওয়া এই অভিযানে বাতু পাহাত এনফোর্সমেন্ট শাখার কর্মকর্তারা অংশ নেন। যেসব প্রতিষ্ঠান অবৈধ কর্মীদের নিয়োগ দিচ্ছিল, তাদের লক্ষ্য করেই অভিযান পরিচালিত হয়। খাবারের দোকান, টায়ারের দোকান এবং দুটি আবাসিক ভবন ছিল অভিযানের অন্তর্ভুক্ত।
জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস জানান, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়েছে। মূল উদ্দেশ্য ছিল অবৈধ অভিবাসীদের নিয়োগ দিয়ে আইন লঙ্ঘনকারী মালিক ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।
প্রাথমিক তল্লাশিতে আটকরা বৈধ কোনো নথিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তাদের তাৎক্ষণিকভাবে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১৪ জন পুরুষ এবং ১০ জন নারী রয়েছেন। পুরুষদের মধ্যে ৭ জন বাংলাদেশি, ৩ জন মিয়ানমার, ২ জন নেপাল এবং ২ জন ইন্দোনেশিয়ার নাগরিক। নারীদের মধ্যে মিয়ানমারের ৫ জন, কম্বোডিয়ার ২ জন এবং বাংলাদেশ, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার একজন করে নাগরিক রয়েছেন।
আটক হওয়া ব্যক্তিদের বয়স ২০ থেকে ৪৫ বছরের মধ্যে। তারা সবাই মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-এর বিভিন্ন ধারা লঙ্ঘন করে দেশটিতে অবস্থান ও কাজ করছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।
আটকদের পরবর্তী তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য জোহর বাহরুর সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। অভিযানের সময় তদন্তে সহায়তার জন্য ছয়জন সাক্ষীকে উপস্থিত হওয়ার সমন দেওয়া হয়েছে।
মোহাম্মদ রুশদি সতর্ক করে বলেন, যারা অবৈধভাবে দেশটিতে অবস্থান করছে বা ভিসার শর্ত লঙ্ঘন করছে, তাদের পাশাপাশি যারা এই অভিবাসীদের আশ্রয় দিচ্ছে বা নিয়োগ দিচ্ছে সেই নিয়োগকর্তাদের বিরুদ্ধেও কোনো আপস ছাড়াই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
logo-1-1740906910.png)