Logo
×

Follow Us

এশিয়া

থাইল্যান্ডে রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি উদ্ধার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৮:০১

থাইল্যান্ডে রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি উদ্ধার

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সোংখলার চানা জেলার একটি রিসোর্ট থেকে ২১ বাংলাদেশিসহ ২২ জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির ইমিগ্রেশন ও পুলিশ বাহিনী। উদ্ধার হওয়া অপর ব্যক্তি মিয়ানমারের নাগরিক। ৮ এপ্রিল বিকেল সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে না থাব এলাকার ওই রিসোর্টে অভিযান চালানো হয়। অভিবাসীরা সবাই অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে মালয়েশিয়ায় প্রবেশের অপেক্ষায় ছিলেন।

ব্যাংকক পোস্টের প্রতিবেদনে জানা যায়, অভিযান পরিচালনার সময় রিসোর্টটি বাইরে থেকে বন্ধ থাকলেও ভেতর থেকে বিদেশি ভাষায় কথোপকথনের শব্দ পান কর্মকর্তারা। পরে একটি পরিত্যক্ত ভবনের প্রবেশপথের ক্যানভাস সরিয়ে দেখা যায়, একটি সরু সুড়ঙ্গের শেষে অন্ধকার কামরায় অত্যন্ত ঘিঞ্জি অবস্থায় ওই ২২ জনকে লুকিয়ে রাখা হয়েছে।

আটক অভিবাসীরা অভিযোগ করেন, রিসোর্টের মালিক তাদের মোবাইল ফোনগুলো কেড়ে নিয়েছেন। প্রথমে মালিক বিষয়টি অস্বীকার করলেও পরে তার শোবার ঘরে বিছানার নিচে লুকানো দুটি বাক্স থেকে ১৬টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় রিসোর্টের মালিক ৬৬ বছর বয়সী কৃতিদেতকে গ্রেফতার করা হয়েছে। তিনি একজন সাবেক সরকারি কর্মকর্তা। যদিও তিনি নিজের সম্পৃক্ততা অস্বীকার করে দাবি করেছেন, পাচারকারীরা হয়তো তার অনুপস্থিতিতে ঘর খোলা পেয়ে সেখানে ফোনগুলো রেখে পালিয়ে গেছে। বর্তমানে তাকে অবৈধ অভিবাসীদের আশ্রয় ও সহায়তা দেওয়ার অভিযোগে আটক রাখা হয়েছে।

জিজ্ঞাসাবাদে অভিবাসীরা দোভাষীর মাধ্যমে জানিয়েছেন, মালয়েশিয়ায় পৌঁছানোর জন্য তারা জনপ্রতি প্রায় ৭ লাখ টাকা পরিশোধ করেছেন। বর্তমানে উদ্ধারকৃত অভিবাসী এবং সন্দেহভাজনদের সোংখলা ইমিগ্রেশন অফিসে রাখা হয়েছে। থাই কর্তৃপক্ষ জানিয়েছে, এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খুঁজে বের করতে তদন্ত চলছে।

Logo