Logo
×

Follow Us

এশিয়া

ভারতের লাচেনে তুষারবন্দি হাজার পর্যটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৮:০৭

ভারতের লাচেনে তুষারবন্দি হাজার পর্যটক

ভারতের উত্তর সিকিমের লাচেনে ধস ও ভারী তুষারপাতের কারণে প্রায় এক হাজার পর্যটক আটকা পড়েছেন। চুংথাঙ থেকে লাচেনগামী রাস্তায় তারাম চু সেতুর কাছে ধস নামায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই পরিস্থিতিতে ভারতীয় সেনার ত্রিশক্তি কোর বিশেষ উদ্ধার অভিযান ‘অপারেশন হিম সেতু’ শুরু করেছে।

আনন্দবাজারের প্রতিবেদনে জানা যায়, সেনা ও বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও) একসঙ্গে কাজ করছে। বরফ সরিয়ে বিকল্প পথ তৈরি করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত অংশে দ্রুত অস্থায়ী ফুটব্রিজ নির্মাণ করে পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। সেনা সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ১৩৫ জন পর্যটককে উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৩২টি হালকা যানবাহন ও ১০টি মোটরসাইকেল। সেনার শক্তিশালী গাড়ি ব্যবহার করে তুষারাবৃত পিচ্ছিল পথে আটকা পড়া সাধারণ মানুষের গাড়ি টেনে তোলা হচ্ছে। এমনকি এক ৮০ বছর বয়সী অসুস্থ বৃদ্ধকেও নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিয়েছে সেনা।

এখনো লাচেনে প্রায় এক হাজার পর্যটক আটকা রয়েছেন। তাদের জন্য খাবার, পানীয় জল এবং জরুরি চিকিৎসার ব্যবস্থা করেছে সেনাবাহিনী। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও ধাপে ধাপে পর্যটকদের নিচে নামিয়ে আনার কাজ চলছে। গত কয়েক সপ্তাহে টানা তুষারপাতের কারণে উত্তর সিকিমে পর্যটকের ভিড় বেড়েছিল। তার মধ্যেই এই বিপত্তি ঘটে।

তারাম চু এলাকায় সম্প্রতি একটি সেতু তৈরি হয়েছিল, যা ফেব্রুয়ারি মাসে উদ্বোধন হয়। এই সেতুর মাধ্যমে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের যাতায়াত সহজ হয়েছিল। কিন্তু এক মাসের মাথায় সেই সেতুর একাংশ ধসে পড়ে। ফলে লাচেনের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়।

সেনা জানিয়েছে, উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। পর্যটকদের নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার পাশাপাশি তাদের জন্য প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। আবহাওয়া প্রতিকূল হলেও সেনা ও বিআরও একসঙ্গে কাজ করে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।

Logo