রোমানিয়ার অভিবাসন পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যৌথ অভিযানে দেশটিতে অনিয়মিতভাবে অবস্থানরত ৬০০ জনের বেশি বিদেশি নাগরিককে শনাক্ত করা হয়েছে। ৯ এপ্রিল এক বিবৃতিতে রোমানিয়ার অভিবাসন দপ্তর (জেনারেল ইনস্পেক্টরেট ফর ইমিগ্রেশন-আইজিআই) এ তথ্য জানায়।
বছরের প্রথম ত্রৈমাসিকে পরিচালিত এসব অভিযানে মোট ৬৪৫ জন বিদেশি নাগরিককে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ১৮৭ জন নেপাল থেকে এসেছেন। এছাড়া মলদোভা থেকে ১০১ জন, শ্রীলঙ্কা থেকে ৫১ জন এবং ভারত থেকে ৩০ জন এসেছেন। বাকিরা অন্যান্য দেশ থেকে এসেছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, শনাক্ত হওয়া অভিবাসীদের মধ্যে ৪৯৫ জনকে দেশে ফেরত পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। ৮৬ জনকে সরকারি হেফাজতে রাখা হয়েছে এবং ১২০ জনকে পুলিশি তত্ত্বাবধানে ফেরত পাঠানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
রোমানিয়া ২০২৫ সালের জানুয়ারি থেকে ইউরোপের সেনজেন অঞ্চলের স্থলসীমান্তে যুক্ত হয়েছে। এর আগে ২০২৪ সালের মার্চ থেকে দেশটির সমুদ্র ও আকাশসীমা সেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত হয়। স্থল সীমান্ত নিয়ন্ত্রণ তুলে নেওয়ার পর থেকেই সীমান্ত নজরদারি ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধে আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে রোমানিয়ার সীমান্ত পুলিশ।
সীমান্ত পুলিশ জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য সংস্থার সহযোগিতায় সমন্বিত তৎপরতার ফলে সাম্প্রতিক সময়ে অনিয়মিত সীমান্ত পারাপার কমে এসেছে। তবে আইন মেনে চলা নিশ্চিত করতে এবং নাগরিকদের নিরাপত্তা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।
কর্তৃপক্ষ বলছে, স্বাধীনভাবে এবং অন্যান্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের সঙ্গে একযোগে কাজ করছে অভিবাসন পুলিশ। তাদের লক্ষ্য হলো অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ করা এবং আইনশৃঙ্খলা বজায় রাখা।
logo-1-1740906910.png)