বেলজিয়ামে অবৈধ অভিবাসী অভিযানে পুলিশকে বাড়তি ক্ষমতা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৩১
বেলজিয়ামে নতুন আইন প্রস্তাব করা হয়েছে, যেখানে পুলিশকে অবৈধ অভিবাসীদের আটক করতে ব্যক্তিগত বাড়িতে প্রবেশের অনুমতি দেওয়া হতে পারে। আইনটি এখনো চূড়ান্ত হয়নি, তবে এটি নিয়ে দেশজুড়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
ব্রাসেলস টাইমস জানিয়েছে, বেলজিয়ামের মন্ত্রিসভা একটি খসড়া আইন অনুমোদন করেছে। এই আইনের মাধ্যমে পুলিশ অভিবাসন দপ্তরের সঙ্গে যৌথভাবে ব্যক্তিগত বাড়িতে প্রবেশ করে অবৈধ অভিবাসীদের আটক করতে পারবে। তবে এর জন্য কিছু শর্ত থাকবে— সংশ্লিষ্ট ব্যক্তি যদি দেশে ফেরার প্রক্রিয়ায় সহযোগিতা না করে, জননিরাপত্তা বা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয় এবং আদালতের তদন্তকারী বিচারকের অনুমতি থাকে।
এ ধরনের প্রস্তাব আগে চার্লস মিশেলের সরকারের সময়ও উঠেছিল, তবে ফরাসিভাষী লিবারেলদের বিরোধিতায় তা কার্যকর হয়নি। পরবর্তী সময়ে সাবেক মন্ত্রী সামি মাহদি ও নিকোল দে মুরও এ ধারণাকে সমর্থন করেছিলেন, কিন্তু পর্যাপ্ত রাজনৈতিক সমর্থন পাননি। এবার বর্তমান সরকার একটি আইনি কাঠামোতে একমত হয়েছে।
অভিবাসন ও আশ্রয় বিষয়ক মন্ত্রী অ্যানলিন ভ্যান বসুইট বলেছেন, জনগণের নিরাপত্তা যখন ঝুঁকিতে থাকে, তখন বাড়িতে প্রবেশকে ‘ট্যাবু’ ভাবা উচিত নয়। তার মতে, অনেক অবৈধ অভিবাসী বাড়ির ভেতরে লুকিয়ে থেকে বহিষ্কার এড়াচ্ছেন, যা গ্রহণযোগ্য নয়। বিচারমন্ত্রী আনেলিস ভারলিনডেন বলেছেন, কার্যকর প্রত্যাবাসন নীতি নিশ্চিত করতে এই আইন প্রয়োজন। তিনি আশ্বাস দিয়েছেন, মানবাধিকার ও আইনের শাসন রক্ষার জন্য সুরক্ষা ব্যবস্থা রাখা হবে।
আইনটি নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। সমালোচকরা বলছেন, ব্যক্তিগত গোপনীয়তা ও মৌলিক অধিকারের ওপর এটি আঘাত হানতে পারে। বেলজিয়ামের স্টেট কাউন্সিল ইতোমধ্যেই এ বিষয়ে সমালোচনামূলক মত দিয়েছে এবং সংসদে আলোচনার আগে নতুন মূল্যায়ন করা হবে।
যদি আইনটি কার্যকর হয়, তবে আটককৃত ব্যক্তিদের সরাসরি ডিটেনশন সেন্টারে পাঠানো হবে। এতে অভিবাসন নিয়ন্ত্রণ আরো কঠোর হবে, তবে মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কাও বাড়বে।
logo-1-1740906910.png)