মালয়েশিয়ার অভিবাসন বিভাগ বড় ধরনের মানব পাচার চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। ‘গেং আশরাফ’ নামে পরিচিত এই চক্রের হাতে আটক হয় ২৭ জন বাংলাদেশি পুরুষ। একই সঙ্গে তিনজন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম বেরনামার প্রতিবেদনে বলা হয়েছে, আমপাং এলাকায় একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। বাড়িটি অবৈধ অভিবাসীদের ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করা হতো। অভিযানে ধরা পড়া পাচারকারীরা ওই বাড়ির ফ্যাসিলিটেটর ও প্রহরী হিসেবে কাজ করছিল।
অভিবাসন বিভাগ জানিয়েছে, চক্রটি ২০২৫ সালের জানুয়ারি থেকে সক্রিয় ছিল। তারা কেলান্তান সীমান্ত দিয়ে অবৈধভাবে বিদেশি নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশ করাতো। এরপর তাদের ক্লাং ভ্যালি অঞ্চলে নিয়ে যাওয়া হতো এবং সেখান থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হতো।
প্রতিটি অভিবাসীর কাছ থেকে প্রায় ৮ হাজার রিঙ্গিত নেওয়া হতো। এভাবে তারা প্রায় ২৪ লাখ রিঙ্গিত আয় করেছে বলে ধারণা করা হচ্ছে।
অভিযানে আটককৃতদের বিরুদ্ধে তদন্ত চলছে Anti-Trafficking in Persons and Anti-Smuggling of Migrants Act 2007 (Act 670) অনুযায়ী। অভিবাসন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাহাবান জানিয়েছেন, অভিবাসন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ এবং অভিবাসন বিধি ১৯৬৩ ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মালয়েশিয়া দীর্ঘদিন ধরে বাংলাদেশি শ্রমিকদের অন্যতম বড় গন্তব্য। তবে সম্প্রতি দেশটি বাংলাদেশসহ কয়েকটি দেশ থেকে কর্মী নেওয়া স্থগিত করেছে। এতে অনেকেই অবৈধ পথে প্রবেশের চেষ্টা করছে। অভিবাসন বিভাগ বলছে, এই অভিযান মানব পাচার প্রতিরোধে তাদের কঠোর অবস্থানের প্রমাণ।
বাংলাদেশি শ্রমিকদের জন্য বৈধ পথে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা এখন আরো জরুরি হয়ে উঠেছে। দুই দেশের সরকারকে যৌথভাবে কাজ করতে হবে, যাতে শ্রমিকরা প্রতারণার শিকার না হয় এবং নিরাপদে বিদেশে কাজ করতে পারে।
logo-1-1740906910.png)