Logo
×

Follow Us

আফ্রিকা

বিদেশে নারী কর্মী নিয়োগে কঠোর নিষেধাজ্ঞা দিল মিসর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০০:০৩

বিদেশে নারী কর্মী নিয়োগে কঠোর নিষেধাজ্ঞা দিল মিসর

মিসরের শ্রম মন্ত্রণালয় বিদেশে নারী কর্মী নিয়োগে নতুন কঠোর নির্দেশনা জারি করেছে। বিদেশে কর্মী পাঠানো সংস্থাগুলোর কাছে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে এই নিষেধাজ্ঞা কার্যকর করার কথা জানানো হয়েছে।

আল-মাসরি আল-ইউমের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী মিসরীয় নারীদের গৃহকর্ম সম্পর্কিত কোনো কাজে বিদেশে পাঠানো যাবে না। এর মধ্যে রয়েছে গৃহপরিচারিকা, রাঁধুনি, গৃহপরিচালক, ব্যক্তিগত সহকারী এবং গৃহভিত্তিক নার্সের মতো কাজ।

নিষেধাজ্ঞা আতিথেয়তা খাতেও বিস্তৃত হয়েছে। নারীদের ক্যাফে বা রেস্টুরেন্টে ওয়েট্রেস, পানীয় পরিবেশক, খাবার পরিবেশক, কাউন্টার স্টাফ কিংবা এ ধরনের কোনো সেবামূলক কাজে নিয়োগ দেওয়া যাবে না।

শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপ নারীদের মর্যাদা রক্ষা ও তাদের অধিকার নিশ্চিত করার অংশ হিসেবে নেওয়া হয়েছে। বিদেশে শ্রম প্রতিনিধিত্বকারী অফিসগুলোর রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত এসেছে। আন্তর্জাতিক শ্রমবাজার নিয়ন্ত্রণের প্রতিশ্রুতির অংশ হিসেবেও এটি কার্যকর করা হয়েছে।

সূত্রগুলো জানিয়েছে, গৃহকর্মে নারীদের নিয়োগে নিষেধাজ্ঞা আগে থেকেই ছিল। তবে এবার নতুনভাবে ক্যাফে ও রেস্টুরেন্টে নারীদের নিয়োগে স্পষ্ট নিষেধাজ্ঞা যুক্ত করা হয়েছে।

২০২৫ সালে বিভিন্ন সংস্থার মাধ্যমে নিয়ম ভঙ্গ করে নারীদের অনুপযুক্ত কাজে পাঠানোর ঘটনা ধরা পড়ে। এসব ঘটনায় মিসরের দূতাবাসগুলোকে হস্তক্ষেপ করতে হয় এবং কর্মীদের স্বার্থ রক্ষায় জটিল পরিস্থিতি মোকাবিলা করতে হয়।

বেশির ভাগ নিয়োগ সংস্থা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, মিসরীয় নারীদের এমন কাজে পাঠানো উচিত, যা দেশের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। চিকিৎসা ও শিক্ষা খাতে মিসরীয় নারী পেশাজীবীদের চাহিদা অনেক বেশি, তাই এসব ক্ষেত্রে নিয়োগ বাড়ানো উচিত।

Logo