১ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বড় পরিবর্তন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৯:৫৭
যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের জন্য বহুল ব্যবহৃত এইচ-১বি ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন আসছে। আগামী ১ এপ্রিল থেকে নতুন নিয়ম কার্যকর হবে। এতে উচ্চ বেতন ও বিশেষ দক্ষতাসম্পন্ন আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে, পাশাপাশি ফর্মের কড়াকড়ি ও খরচও বাড়ছে। ইকোনমিক টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (USCIS) জানিয়েছে, এখন থেকে শুধু সর্বশেষ সংস্করণের ফর্ম I-129 গ্রহণ করা হবে। পুরোনো সংস্করণে জমা দেওয়া আবেদন সরাসরি বাতিল হবে। নতুন ফর্মে চাকরির ধরন, যোগ্যতা ও শিক্ষাগত তথ্য আরো বিস্তারিতভাবে দিতে হবে। এর ফলে আবেদন যাচাই আরও কঠোর হবে।
সবচেয়ে বড় পরিবর্তন আসছে নির্বাচনের প্রক্রিয়ায়। এখন থেকে ভিসা বরাদ্দ হবে বেতনভিত্তিক পদ্ধতিতে। অর্থাৎ যেসব আবেদনকারীর বেতন বেশি এবং দক্ষতা বেশি, তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এর লক্ষ্য হলো শ্রমবাজারের চাহিদার সঙ্গে ভিসা বরাদ্দকে সামঞ্জস্য করা এবং সিস্টেমের অপব্যবহার কমানো।
এছাড়া খরচও বেড়ে যাচ্ছে। কিছু ক্ষেত্রে বিদেশি কর্মী স্পন্সর করলে নিয়োগকর্তাকে অতিরিক্ত ফি দিতে হবে। প্রিমিয়াম প্রসেসিং ফিও মার্চ মাস থেকে বাড়ানো হয়েছে। ফলে আবেদন প্রক্রিয়া আরো ব্যয়বহুল হয়ে উঠছে।
USCIS জানিয়েছে, প্রতিটি আবেদন আরো গভীরভাবে পরীক্ষা করা হবে এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর ফলে আবেদনকারীদের জন্য সঠিক ও বিস্তারিত নথি জমা দেওয়া অপরিহার্য হয়ে উঠবে।
এই পরিবর্তনের ফলে আবেদনকারীদের এখন উচ্চ বেতনের চাকরি নিশ্চিত করতে হবে, যাতে নির্বাচনের সম্ভাবনা বাড়ে। সঠিক ও বিস্তারিত নথি জমা দেওয়া জরুরি, কারণ ফর্মে ভুল বা অসম্পূর্ণ তথ্য থাকলে আবেদন বাতিল হবে। খরচ বেড়ে যাওয়ায় নিয়োগকর্তারা বিদেশি কর্মী স্পন্সর করতে দ্বিধায় পড়তে পারেন। ফলে প্রতিযোগিতা আরো কঠিন হবে। সিস্টেম এখন বিশেষ দক্ষতাসম্পন্ন কর্মীদের অগ্রাধিকার দেবে, তাই সাধারণ দক্ষতার আবেদনকারীদের জন্য সুযোগ কমে যাবে।
logo-1-1740906910.png)