Logo
×

Follow Us

ইউরোপ

বেলজিয়ামে আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০৯:৪০

বেলজিয়ামে আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ

ইউরোপে পড়াশোনার স্বপ্ন পূরণে বেলজিয়াম হতে পারে অন্যতম গন্তব্য। দেশটির বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উচ্চমানের শিক্ষা প্রদান করে থাকে এবং অনেক ক্ষেত্রে আইইএলটিএস ছাড়াই ভর্তি হওয়ার সুযোগ দেয়। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, বেলজিয়ামের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সরকারি উদ্যোগে সম্পূর্ণ অর্থায়নে পড়াশোনার সুযোগ রয়েছে।

বেলজিয়াম সরকার উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য গভর্মেন্ট অব বেলজিয়াম স্কলারশিপ চালু করেছে। এআরইএস নামের এই বৃত্তিতে এক বছরের বিশেষ স্নাতকোত্তর প্রোগ্রাম বা চার থেকে ছয় মাসের উন্নত প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়া যায়। আবেদনকারীদের আইইএলটিএস দিতে হয় না।

এছাড়া রয়েছে মাস্টার মাইন্ড স্কলারশিপ, যা ফ্ল্যান্ডার্স আঞ্চলিক সরকারের অর্থায়নে দেওয়া হয়। প্রতি বছর প্রায় ৩০ জন শিক্ষার্থী এ সুযোগ পান। এতে আবাসন, চিকিৎসা বীমা, টিউশন ফি ছাড়সহ প্রায় ৮ হাজার ২০০ ইউরো শিক্ষা ভাতা দেওয়া হয়।

ইউরোপীয় ইউনিয়নের মর্যাদাপূর্ণ ইরাসমাস মুন্ডাস মাস্টার্স স্কলারশিপও বেলজিয়ামে পড়াশোনার সুযোগ দেয়। এতে মাসিক ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ ইউরো জীবনযাত্রার খরচ, টিউশন ফি, ভিসা ফি, ভ্রমণ ও বীমা খরচ বহন করা হয়।

আরেকটি জনপ্রিয় সুযোগ হলো ভিএলআইআর-ইউওএস স্কলারশিপ প্রোগ্রাম। এতে শিক্ষার্থীরা সম্পূর্ণ টিউশন ফি ছাড়াই পড়াশোনা করতে পারে। জীবনযাত্রার খরচ, বিমানের টিকিট ও মাসিক অনুদানও দেওয়া হয়। প্রতি বছর প্রায় ৩১ জন বিদেশি শিক্ষার্থী এ সুযোগ পান।

গবেষণার জন্য রয়েছে গ্লোবাল মাইন্ডস ডক্টরাল স্কলারশিপ। কে ইউ লিভেন বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগে উন্নয়নশীল দেশের শিক্ষার্থীরা পিএইচডি করতে পারে। এতে মাসিক ২ হাজার ১৯৯ ইউরো উপবৃত্তি, চিকিৎসা বিমা, বিমান ভাড়া এবং গবেষণা ভাতা দেওয়া হয়।

বেলজিয়ামের বেশ কিছু বিশ্ববিদ্যালয় আইইএলটিএস ছাড়াই ভর্তি দেয়। এর মধ্যে রয়েছে ভ্রিজে ইউনিভার্সিটি ব্রাসেলস, অ্যান্টওয়ার্প বিশ্ববিদ্যালয়, ঘেন্ট বিশ্ববিদ্যালয়, কে ইউ লিভেন, হ্যাসেল্ট বিশ্ববিদ্যালয় এবং ইউ লিগ।

বিশ্ববিদ্যালয়ে আবেদন করার সময় শিক্ষার্থীদের প্রমাণ করতে হয় যে তারা ইংরেজিতে পড়তে, লিখতে ও যোগাযোগ করতে সক্ষম। পূর্ববর্তী শিক্ষা ইংরেজিতে হলে প্রতিষ্ঠান থেকে একটি ভাষাগত দক্ষতার সনদ জমা দিতে হয়। কিছু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর জন্য ইংরেজি দক্ষতা বৃদ্ধির ক্র্যাশ প্রোগ্রামও অফার করে।

Logo