দক্ষিণ কোরিয়ায় বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ইতিহাসে প্রথমবার ৩ লাখ ১০ হাজার ছাড়িয়েছে। দেশটির বিচার মন্ত্রণালয়ের অধীনস্থ কোরিয়া ইমিগ্রেশন সার্ভিসের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত মোট বিদেশি শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ১৪ হাজার ৩৯৭ জন। কোরিয়া টাইমস অনলাইনের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
সরকারি তথ্য বলছে, এর মধ্যে ২ লাখ ৩৮ হাজার ৯০৫ জন বিশ্ববিদ্যালয় ও অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন। এছাড়া ৭৫ হাজার ৩৩ জন কোরিয়ান ভাষা শিক্ষার্থী এবং আরো ৪৫৯ জন অন্যান্য ভাষা শিক্ষার্থী হিসেবে নিবন্ধিত হয়েছেন।
গত পাঁচ বছরে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। ২০২০ সালের শেষে কোভিড-১৯ মহামারির সময় এ সংখ্যা ছিল মাত্র ১ লাখ ৫৩ হাজার ৩৬১ জন। এরপর ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়ে গত বছর আগস্টে প্রথমবার ৩ লাখ ছাড়ায় এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে ৩ লাখ ১০ হাজারেরও বেশি হয়।
তথ্য অনুযায়ী, বিদেশি শিক্ষার্থীর সংখ্যা গত এক বছরে ১৫ শতাংশ বেড়েছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা এক বছরে ২২ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
জাতীয়তার ভিত্তিতে দেখা যায়, ভিয়েতনামি শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি ১ লাখ ১৫ হাজার ১৩১ জন। এরপর রয়েছে চীনা শিক্ষার্থী ৭৮ হাজার ৫২৯ জন, উজবেক শিক্ষার্থী ২০ হাজার ৬০৯ জন এবং মঙ্গোলিয়ান শিক্ষার্থী ১৮ হাজার ৯৯২ জন।
বর্তমানে দক্ষিণ কোরিয়ায় মোট বিদেশি নাগরিকের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ লাখ ১০ হাজার, যা গত বছরের তুলনায় ৪ দশমিক ৪ শতাংশ বেশি। তবে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে আরো দ্রুত হারে।
বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ কোরিয়ার বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকৃষ্ট করতে নানা উদ্যোগ নিয়েছে। উচ্চমানের শিক্ষা, প্রযুক্তিভিত্তিক গবেষণা এবং কোরিয়ান সংস্কৃতির প্রতি আগ্রহ শিক্ষার্থীদের আকৃষ্ট করছে। একই সঙ্গে কোরিয়ান ভাষা শেখার প্রবণতাও বাড়ছে।
logo-1-1740906910.png)