Logo
×

Follow Us

এশিয়া

জাপানে নাগরিকত্ব পেতে বসবাসের সময়সীমা দ্বিগুণ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৮:৫৮

জাপানে নাগরিকত্ব পেতে বসবাসের সময়সীমা দ্বিগুণ

জাপানে নাগরিকত্ব পাওয়ার নিয়ম আরো কঠোর করা হয়েছে। আগামী ১ এপ্রিল থেকে দেশটিতে নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে টানা ১০ বছর বসবাসের প্রমাণ দিতে হবে। আগে এই সময়সীমা ছিল ৫ বছর। জাপান টুডে অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিয়মে কর ও সামাজিক বীমা প্রদানের যাচাইও বাড়ানো হয়েছে।

জাপানের বিচার মন্ত্রণালয় জানিয়েছে, কর প্রদানের যাচাইয়ের সময়সীমা এক বছর থেকে বাড়িয়ে ৫ বছর করা হয়েছে। একইভাবে সামাজিক বীমা প্রদানের যাচাই বাড়ানো হয়েছে ২ বছর পর্যন্ত। অর্থাৎ আবেদনকারীদের দীর্ঘ সময় ধরে নিয়মিত কর ও বীমা প্রদানের প্রমাণ দিতে হবে।

প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি গত বছর বিচারমন্ত্রী হিরোশি হিরাগুচিকে নির্দেশ দিয়েছিলেন নাগরিকত্বের নিয়ম কঠোর করতে। তার মতে, আগের শর্তগুলো ছিল অনেকটাই শিথিল। ফলে নতুন নিয়মে নাগরিকত্ব পেতে হলে আবেদনকারীদের জাপানি সমাজের সঙ্গে আরো গভীরভাবে মানিয়ে নেওয়ার সক্ষমতা থাকতে হবে।

জাপানের জাতীয়তা আইন অনুযায়ী, নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে টানা কয়েক বছর জাপানে বসবাস করতে হবে, ভালো চরিত্রের হতে হবে এবং নিজের বা পরিবারের আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে। এছাড়া দৈনন্দিন জীবনে জাপানি ভাষায় সাবলীলভাবে কথা বলার দক্ষতাও থাকতে হবে।

বিচার মন্ত্রণালয় জানিয়েছে, বসবাসের সময়সীমা বাড়ানোর মূল উদ্দেশ্য হলো আবেদনকারীদের জাপানি সমাজের সঙ্গে সামঞ্জস্য নিশ্চিত করা। নতুন নিয়মটি জানুয়ারি মাসে প্রণীত বিদেশি বাসিন্দা নীতিমালার অংশ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে।

স্থায়ী বসবাসের ক্ষেত্রে জাপানে আগে থেকেই ১০ বছরের বসবাসের শর্ত ছিল। পাশাপাশি কর ও জাতীয় বীমা প্রদানের মতো জনসাধারণের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হয়। নাগরিকত্বের ক্ষেত্রেও এখন একই ধরনের কঠোরতা আরোপ করা হলো।

২০২৫ সালে মোট ১৪ হাজার ১০৩ জন নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন। এর মধ্যে ৯ হাজার ২৫৮ জনের আবেদন অনুমোদিত হয়েছে এবং ৬৬৬ জনের আবেদন বাতিল হয়েছে। নতুন নিয়ম কার্যকর হলে আবেদনকারীর সংখ্যা কিছুটা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Logo