Logo
×

Follow Us

ইউরোপ

আইন ভাঙলেই অভিবাসীদের ফেরত পাঠাবে সুইডেন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১০:৪২

আইন ভাঙলেই অভিবাসীদের ফেরত পাঠাবে সুইডেন

সুইডেনে অভিবাসীদের বসবাসের অনুমতি পেতে হলে ‘সৎ ও সুশৃঙ্খল জীবনযাপন’ করতে হবে- এমন শর্ত যুক্ত করতে যাচ্ছে দেশটির সরকার। নতুন একটি বিলের মাধ্যমে কর্তৃপক্ষকে অভিবাসীদের রেসিডেন্স পারমিট বাতিল করার ক্ষমতা দেওয়া হবে, যদি তারা দায়িত্বশীলভাবে জীবনযাপন না করেন।  

২৪ মার্চ সুইডিশ সরকার এ তথ্য জানিয়েছে। অভিবাসন বিষয়ক মন্ত্রী ইয়োহান ফোরসেল বলেন, “আইন ও বিধিনিষেধ মানা স্বাভাবিক। একই সঙ্গে আমাদের দেশের ক্ষতি না করে দায়িত্বশীলভাবে জীবনযাপন করাও স্বাভাবিক হওয়া উচিত।”  

তিনি ব্যাখ্যা করে বলেন, যদি কেউ ঋণ পরিশোধ না করেন, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অমান্য করেন, ভাতা সুবিধা ব্যবস্থায় প্রতারণা করেন বা প্রতারণার মাধ্যমে বসবাসের অনুমতি পান, তাহলে তার এখানে থাকার অধিকার নেই। সরকারের পক্ষ থেকে আরো উদাহরণ দেওয়া হয়েছে, কর ফাঁকি দেওয়া বা জরিমানা পরিশোধ না করাও দায়িত্বশীল জীবনযাপনের ব্যত্যয় হিসেবে গণ্য হবে।  

অভিবাসনবিরোধী সুইডেন ডেমোক্র্যাটস দল এই বিলকে সমর্থন করছে। সরকারের প্রস্তাব অনুযায়ী, অভিবাসীরা যদি হুমকি হিসেবে বিবেচিত হন বা তাদের আবেদনপত্রে মিথ্যা তথ্য দেওয়ার ঘটনা প্রমাণিত হয়, তবে তাদের বসবাসের অনুমতি বাতিল করা হবে।  

সুইডেনের ডানপন্থি সরকার ২০২২ সালে ক্ষমতায় আসে অভিবাসনের ওপর কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে। আসন্ন সেপ্টেম্বরের আইনসভা নির্বাচনের আগে তারা দ্রুত সংস্কার পাস করাতে চাইছে।  

সংসদে বিলটি পাস হলে পরিবর্তনগুলো ১৩ জুলাই থেকে কার্যকর হবে। সরকারের দাবি, এই পদক্ষেপ অভিবাসন ব্যবস্থাকে আরো কঠোর ও কার্যকর করবে। তবে মানবাধিকারকর্মীরা আশঙ্কা করছেন, নতুন আইন অভিবাসীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে।

Logo