Logo
×

Follow Us

ইউরোপ

সব ধরনের ভিসা ও নাগরিকত্ব ফি বাড়াল যুক্তরাজ্য

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১০:০৬

সব ধরনের ভিসা ও নাগরিকত্ব ফি বাড়াল যুক্তরাজ্য

যুক্তরাজ্য সব ধরনের ভিসা ও নাগরিকত্ব আবেদনের ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে। ইউকে হোম অফিস জানিয়েছে, নতুন এই ফি কাঠামো আগামী ৮ এপ্রিল থেকে কার্যকর হবে।  

নতুন নির্ধারণ অনুযায়ী, ছয় মাস মেয়াদি ভিজিট ভিসার ফি ৬ পাউন্ড বাড়িয়ে ১৩৫ পাউন্ড করা হয়েছে। দুই বছরের ভিসা ৩১ পাউন্ড বেড়ে ৫০৬ পাউন্ড, পাঁচ বছরের ভিসা ৫৫ পাউন্ড বাড়িয়ে ৯০৩ পাউন্ড এবং দশ বছরের ভিসা ৬৯ পাউন্ড বৃদ্ধি পেয়ে ১,১২৮ পাউন্ড নির্ধারণ করা হয়েছে।  

একাডেমিক কাজে ছয় থেকে বারো মাসের ভিজিট ভিসার ফি ১৪ পাউন্ড বাড়িয়ে ২৩৪ পাউন্ড করা হয়েছে। একই হারে বেড়েছে বেসরকারি চিকিৎসা ভিসার খরচ। ট্রানজিট ভিসার ক্ষেত্রেও ফি বৃদ্ধি পেয়েছে; বিমানবন্দর ট্রানজিটে আড়াই পাউন্ড এবং স্থলপথে সাড়ে চার পাউন্ড। পাশাপাশি ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) ফি ৪ পাউন্ড বাড়ানো হয়েছে। আশ্রয়প্রার্থীদের ক্ষেত্রেও ভিসা ফি সর্বোচ্চ ১৯৭ পাউন্ড পর্যন্ত বাড়ানো হয়েছে।  

দক্ষ কর্মী নিয়োগে বিদেশ থেকে তিন বছর পর্যন্ত কাজের জন্য স্পন্সরশিপ ফি ৫০ পাউন্ড এবং তিন বছরের বেশি হলে ৯৯ পাউন্ড বাড়ানো হয়েছে। স্বাস্থ্য খাতের কর্মীদের ক্ষেত্রে এই বৃদ্ধি যথাক্রমে ২০ ও ৩৮ পাউন্ড। মৌসুমি কর্মীদের আবেদন ফি বাড়ছে ২১ পাউন্ড।  

স্টুডেন্ট ভিসার ক্ষেত্রেও আবেদনকারী ও নির্ভরশীলদের জন্য ফি ৩৪ পাউন্ড বাড়িয়ে ৫৫৮ পাউন্ড করা হয়েছে। এছাড়া যুক্তরাজ্যের ভেতরে দক্ষ কর্মীদের স্পন্সরশিপ আবেদনে তিন বছর পর্যন্ত কাজের জন্য ৫৮ পাউন্ড এবং তার বেশি হলে ১১৪ পাউন্ড ফি বাড়ছে। ভিজিটর ভিসার মেয়াদ বাড়ানোর আবেদনেও ৭২ পাউন্ড অতিরিক্ত দিতে হবে।

Logo