Logo
×

Follow Us

ইউরোপ

পর্তুগালে ভ্রমণের আগে প্রি-রেজিস্ট্রেশন সুবিধা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ২৩:৩৪

পর্তুগালে ভ্রমণের আগে প্রি-রেজিস্ট্রেশন সুবিধা

পর্তুগালে ভ্রমণকারীদের জন্য চালু হয়েছে নতুন প্রি-রেজিস্ট্রেশন সুবিধা। ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশ থেকে আসা যাত্রীরা এখন বিমানবন্দরে পৌঁছানোর তিন দিন আগে মোবাইল অ্যাপের মাধ্যমে নিজেদের তথ্য জমা দিতে পারবেন। ফলে বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে এবং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করতে হবে না।

প্রাথমিকভাবে এই সেবা কেবল লিসবন বিমানবন্দরে চালু হয়েছে। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে পর্তুগালের অন্যান্য বিমানবন্দরেও এটি চালু করার পরিকল্পনা রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি ‘ট্রাভেল টু ইউরোপ’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে। এর মাধ্যমে যাত্রীরা ব্যক্তিগত তথ্য ও ভ্রমণের বিবরণ পৌঁছানোর ৭২ ঘণ্টা আগে জমা দিতে পারবেন।

অ্যাপটির অন্যতম বৈশিষ্ট্য হলো, যাত্রীরা প্রবেশের শর্তাবলি সম্পর্কিত একটি সংক্ষিপ্ত প্রশ্নপত্রের উত্তর আগেই দিতে পারবেন। যদিও অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক নয় এবং যাত্রীদের সশরীরে সীমান্ত নিয়ন্ত্রণের মধ্য দিয়েই যেতে হবে, তবে ডিজিটাল যাচাইয়ের কারণে সময় অনেক কমে যাবে।

গত অক্টোবর থেকে কার্যকর হওয়া এন্ট্রি/এক্সিট সিস্টেমে ডাটা প্রসেসিংয়ের সমস্যার কারণে লিসবনসহ ইউরোপের বিভিন্ন বিমানবন্দরে দীর্ঘ জট তৈরি হয়েছিল। ডিসেম্বরে ইউরোপীয় কমিশনের আকস্মিক পরিদর্শনে লিসবন বিমানবন্দরের সীমান্ত নিরাপত্তায় গুরুতর ঘাটতি ধরা পড়লে সরকার তিন মাসের জন্য এ ব্যবস্থা স্থগিত করে। পরে পরিস্থিতি সামাল দিতে জানুয়ারি থেকে লিসবন বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়।

নতুন অ্যাপটি সেই সংকট নিরসনে কার্যকর সমাধান হিসেবে দেখা হচ্ছে। যাত্রীরা আগেই তথ্য জমা দিলে বিমানবন্দরে প্রবেশের সময় কমবে এবং নিরাপত্তা প্রক্রিয়াও আরো সহজ হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগ যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতা উন্নত করবে এবং পর্তুগালের বিমানবন্দরগুলোতে চাপ কমাবে।

Logo