ফ্রান্সে পৌর নির্বাচনে জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৮:৫৮
ফ্রান্সের ২০২৬ সালের পৌর নির্বাচনের প্রথম দফায় বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুল মোহাম্মদ জয় পেয়েছেন। ১৫ মার্চ অনুষ্ঠিত ভোটে তিনি উত্তর প্যারিসের সাঁ দুনি শহরে অতিবাম রাজনৈতিক দল লা ফ্রঁন্স আনসুমিজ (এলএফই)-এর প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন। প্রাথমিক ফলাফলে দেখা গেছে, তিনি ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছেন।
এখন পর্যন্ত পাওয়া তথ্যে নাহিদুলই একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী, যিনি বিজয়ী হয়েছেন। একই শহর থেকে সোশ্যালিস্ট পার্টির (পিএস) প্রার্থী সরুফ সদিউল প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি পরাজিত হয়েছেন।
জয়ের পর নাহিদুল মোহাম্মদ বলেন, “ফ্রান্সের স্থানীয় রাজনীতিতে নতুন প্রজন্মের অভিবাসী বংশোদ্ভূত নাগরিকদের অংশগ্রহণ বাড়ছে। এ নির্বাচনে বিজয় আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা এবং এটি স্থানীয় সমাজে বাংলাদেশি কমিউনিটির উপস্থিতিকে আরো দৃশ্যমান করবে।”
ফ্রান্সজুড়ে মোট ৩৪ হাজার ৮৭৫টি কমিউন বা শহরে ভোট অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক হিসাবে ভোটার উপস্থিতি ছিল প্রায় ৫৬ শতাংশ। এটি ২০২০ সালের তুলনায় বেশি হলেও ২০১৪ সালের নির্বাচনের তুলনায় কিছুটা কম। তবে প্যারিস, লিয়োঁ ও স্ট্রাসবুর্গের মতো বড় শহরে ভোটারদের অংশগ্রহণ তুলনামূলকভাবে বেশি ছিল।
নির্বাচনের দ্বিতীয় দফা ভোট অনুষ্ঠিত হবে আগামী ২২ মার্চ। তবে নাহিদুলের প্যানেল ৫০ শতাংশের বেশি ভোটে জয়লাভ করায় সাঁ দুনি শহরে আর দ্বিতীয় দফার ভোট হবে না। জানা গেছে, নাহিদুল বর্তমানে প্যারিসের সর্বন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে অধ্যয়নরত আছেন। তার পৈত্রিক নিবাস বাংলাদেশের সুনামগঞ্জ জেলায়।
প্রথম দফার ফলাফলে ফরাসি রাজনীতিতে নতুন ভারসাম্যের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জঁ লুক মেলনশোর নেতৃত্বাধীন অতিবাম দল এলএফই এবং মারিন লো পেনের কট্টর ডানপন্থি দল ন্যাশনাল র্যালি (আরএন) কয়েকটি শহরে শক্তিশালী অগ্রগতি দেখিয়েছে। অন্যদিকে পরিবেশবাদী দল কিছু গুরুত্বপূর্ণ শহরে চাপের মুখে পড়েছে।
logo-1-1740906910.png)