মালয়েশিয়ার জোহর রাজ্যে বিদেশি নাগরিকদের জন্য নতুন অভিবাসন আটক কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে রাজ্যের একমাত্র অভিবাসন ডিপোতে অতিরিক্ত ভিড়ের কারণে কর্তৃপক্ষ নতুন ডিপো নির্মাণের উদ্যোগ নিয়েছে। পেকান নানাস এলাকায় প্রায় ২০ মিলিয়ন রিঙ্গিত ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
জোহর অভিবাসন বিভাগের পরিচালক দাতুক মোহদ রুসদি মোহদ দারুস জানিয়েছেন, কঠোর আইন প্রয়োগের ফলে গ্রেফতারের সংখ্যা বেড়ে যাওয়ায় নতুন ভবনটি অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে। বর্তমানে রাজ্যের একমাত্র আটক কেন্দ্রের আদর্শ ধারণক্ষমতা প্রায় ১ হাজার ২৫০ জন হলেও বাস্তবে অনেক সময় সেখানে ২ হাজার পর্যন্ত আটক রাখা হয়েছে। এতে কেন্দ্রটির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয় এবং কর্মীদের শারীরিক ও মানসিক চাপ বাড়ে।
তিনি বলেন, ধারণক্ষমতার সীমা অতিক্রম করলেও প্রতিটি গ্রেফতার আইনগত প্রক্রিয়া ও মানবাধিকার মানদণ্ড মেনেই করা হয়। আটক প্রক্রিয়া, নথিপত্র প্রস্তুত, আদালতের কার্যক্রম এবং পরবর্তী সময়ে নিজ দেশে ফেরত পাঠানো; সবই নিয়ম মেনে সম্পন্ন করা হয়।
২০২৪ সালে শুরু হওয়া এই প্রকল্পের নির্মাণকাজ দুই ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। প্রথম ধাপে প্রশাসনিক অফিস, আটক ব্লক এবং ডাইনিং হলসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। দ্বিতীয় ধাপে কর্মীদের আবাসন তৈরি করা হবে।
নতুন ডিপোতে প্রায় ২ হাজার ২০০ জন আটক ব্যক্তিকে রাখার ব্যবস্থা থাকবে। এতে বর্তমান কেন্দ্রের ওপর চাপ কমবে এবং আটক ব্যবস্থাপনা আরো কার্যকর হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো প্রকল্পটি চলতি বছরের শেষ নাগাদ সম্পন্ন হয়ে চালু হবে।
logo-1-1740906910.png)