মালদ্বীপের রাজধানী মালে থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে দিগুরা দ্বীপে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের এক মর্মান্তিক ঘটনায় পাঁচজন প্রবাসী বাংলাদেশি কর্মীর মৃত্যু হয়েছে। ১৩ মার্চ রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সদর আলী, রবীন মোল্লা, নূরনবী, তাজ উদ্দিন ও সফিকুর রহমান।
এ ঘটনায় আরো দুইজন বাংলাদেশি কর্মী গুরুতর আহত হয়েছেন। তাদের নাম জামাল ও সাদ্দাম। আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজধানী মালেতে স্থানান্তরের ব্যবস্থা করা হচ্ছে। স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় দ্রুত চিকিৎসা নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, তারা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং মালদ্বীপ কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। নিহতদের মরদেহ দ্রুততম সময়ে দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। একই সঙ্গে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
নিহত ও আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং তাদের পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহের কাজও চলছে। মন্ত্রণালয় আশ্বাস দিয়েছে, প্রবাসী কর্মীদের পরিবার যেন প্রয়োজনীয় সহায়তা পায়, সে বিষয়ে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
এই দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি সমাজে শোকের ছায়া নেমে এসেছে। মালদ্বীপে কর্মরত হাজারো বাংলাদেশি শ্রমিকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রবাসী সংগঠনগুলো বলছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার না হলে এ ধরনের দুর্ঘটনা আরো ঘটতে পারে।
logo-1-1740906910.png)