Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

কানাডায় নাগরিকত্ব পরীক্ষার নতুন নিয়ম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ২২:০০

কানাডায় নাগরিকত্ব পরীক্ষার নতুন নিয়ম

কানাডার নাগরিকত্ব পরীক্ষার নিয়মে বড় পরিবর্তন এনেছে দেশটির অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিভাগ (IRCC)। নতুন নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে নাগরিকত্ব পরীক্ষার মূল ধারা হবে স্ব-পরিচালিত অনলাইন পরীক্ষা। আবেদনকারীরা সর্বোচ্চ তিনবার চেষ্টা করতে পারবেন। দেশটির অভিবাসন বিষয়ক ম্যাগাজিন সিআইসি নিউজ এ সংবাদ প্রকাশ করেছে। 

২০২০ সালের আগে নাগরিকত্ব পরীক্ষা হতো লিখিত আকারে, সরাসরি উপস্থিত থেকে। মহামারির সময় চালু হয় অনলাইন পরীক্ষা। এবার সেটিকেই স্থায়ীভাবে মূলধারা করা হয়েছে। পরীক্ষায় থাকবে ২০টি প্রশ্ন, যার মধ্যে অন্তত ১৫টির সঠিক উত্তর দিতে হবে। প্রশ্নগুলো তৈরি হয় ৩০০ থেকে ৪০০ প্রশ্নের ডাটাবেস থেকে।  

আগে লিখিত পরীক্ষার সময়সীমা ছিল ৩০ মিনিট। নতুন নিয়মে অনলাইন পরীক্ষার জন্য সময় বাড়িয়ে করা হয়েছে ৪৫ মিনিট। প্রয়োজনে বিশেষ সুবিধা পাওয়া আবেদনকারীরা অতিরিক্ত সময় চাইতে পারবেন।  

আগে আবেদনকারীরা লিখিত পরীক্ষায় দুইবার চেষ্টা করতে পারতেন। এখন অনলাইনে সর্বোচ্চ তিনবার চেষ্টা করা যাবে। তিনবার ব্যর্থ হলে জ্ঞান বা ভাষা শুনানিতে অংশ নিতে হবে।  

বিশেষ পরিস্থিতিতে ইন-পার্সন বা মাইক্রোসফট টিমসের মাধ্যমে পরীক্ষা নেওয়া যাবে। যেমন- প্রযুক্তিগত সমস্যা, পরিচয় যাচাইয়ের জটিলতা বা বিশেষ সুবিধার প্রয়োজন হলে। তবে এসব ক্ষেত্রে প্রতিবারে একবারই চেষ্টা করা যাবে।  

অনলাইনে পরীক্ষা শেষে আবেদনকারীরা তাৎক্ষণিকভাবে একটি অস্থায়ী স্কোর পাবেন। তবে এটি চূড়ান্ত নয়। পরিচয় যাচাই ও প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই ফলাফল নিশ্চিত হবে। প্রয়োজনে আবেদনকারীকে আবার পরীক্ষা দিতে বা সাক্ষাৎকারে অংশ নিতে বলা হতে পারে।  

নতুন নিয়মে বলা হয়েছে, শুনানির সময় কর্মকর্তারা প্রয়োজনে অন্যান্য নাগরিকত্বের শর্তও যাচাই করতে পারবেন। কোনো একটি শর্ত পূরণ না হলে আবেদন সরাসরি বাতিল করা যাবে।  

যদিও নতুন নিয়মে বেশ কিছু পরিবর্তন এসেছে, তবে মূল কাঠামো অপরিবর্তিত রয়েছে। পরীক্ষায় ২০টি প্রশ্ন থাকবে, ১৫টি সঠিক উত্তর দিতে হবে। শুনানিতে ভাষা যাচাইয়ের জন্য সর্বোচ্চ ৯টি প্রশ্ন করা হবে, যার মধ্যে অন্তত ৬টির উত্তর যথাযথ দিতে হবে।  

নাগরিকত্ব পরীক্ষায় অংশ নিতে হলে আবেদনকারীকে স্থায়ী বাসিন্দা হতে হবে, গত পাঁচ বছরে অন্তত তিন বছর কানাডায় বসবাস করতে হবে, ইংরেজি বা ফরাসি ভাষায় দক্ষ হতে হবে এবং প্রয়োজন হলে কর জমা দিতে হবে। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর শপথ গ্রহণই হবে নাগরিকত্ব পাওয়ার শেষ ধাপ। এরপর নাগরিকত্ব সনদ পাওয়া যাবে, যা দিয়ে কানাডার পাসপোর্টের জন্য আবেদন করা যায়।  

কানাডা দ্বৈত নাগরিকত্ব অনুমোদন করে। অর্থাৎ কানাডার নাগরিকত্ব পাওয়ার পর অন্য দেশের নাগরিকত্বও রাখা সম্ভব। তবে সব দেশ এ সুযোগ দেয় না। যেমন- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া দ্বৈত নাগরিকত্ব অনুমোদন করে, কিন্তু চীন, ভারত ও সিঙ্গাপুরে তা নিষিদ্ধ।

Logo