যুক্তরাষ্ট্রে এক মাসে কমেছে ৯২ হাজার কর্মসংস্থান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৯:৫৪
যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে বড় ধাক্কা লেগেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত মাসে দেশটিতে কর্মসংস্থান কমেছে ৯২ হাজার। এর ফলে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৪ শতাংশে। অর্থনীতিবিদরা আগেই সতর্ক করেছিলেন যে ফেব্রুয়ারিতে কর্মসংস্থান বৃদ্ধির গতি ধীর হতে পারে, তবে এত বড় পতন হবে তা কেউই অনুমান করেননি।
বাজার বিশ্লেষকরা বলছেন, গত বছরের অক্টোবরের সাময়িক শাটডাউনের পর ফেব্রুয়ারিই একক মাসে সবচেয়ে বড় কর্মসংস্থান হারানোর ঘটনা। বিশেষ করে ইরান ভূখণ্ডে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল, তার প্রতিফলন এখন মার্কিন শ্রমবাজারে স্পষ্ট হয়ে উঠছে।
প্রায় সব খাতেই কর্মসংস্থান কমেছে। এমনকি স্বাস্থ্যসেবা খাতেও বড় ধস নেমেছে। ব্যাপক ধর্মঘটের কারণে এ খাতে বহু মানুষ চাকরি হারিয়েছেন। ফেডারেল সরকারের চাকরির বাজারেও অস্থিরতা কমছে না। শ্রম দপ্তরের তথ্য অনুযায়ী, গত মাসে কেন্দ্রীয় সরকারে ১০ হাজার কর্মসংস্থান কমেছে। ২০২৪ সালের অক্টোবরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছার পর থেকে এখন পর্যন্ত ফেডারেল সরকারে মোট কর্মসংস্থান কমেছে প্রায় ৩ লাখ ৩০ হাজার বা ১১ শতাংশ।
শুধু ফেব্রুয়ারির চিত্রই নয়, শ্রম দপ্তর জানিয়েছে, গত ডিসেম্বর ও জানুয়ারিতে কর্মসংস্থান বৃদ্ধির যে প্রাথমিক তথ্য প্রকাশ করা হয়েছিল, প্রকৃত সংখ্যা তার চেয়ে কম। অর্থাৎ শ্রমবাজারের দুর্বলতা আগের মাসগুলোতেও ছিল, যা এখন আরো প্রকট হয়ে উঠেছে।
তবে এই পরিস্থিতিতেও আশাবাদী মার্কিন ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের পরিচালক কেভিন হ্যাসেট। তিনি সিএনবিসিকে বলেন, “সামনের মাসগুলোয় শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধিই কর্মসংস্থান সৃষ্টিতে মূল ভূমিকা রাখবে। সামনে অনেক বেশি অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হতে যাচ্ছে। ফলে কাজ করতে আগ্রহীরা প্রত্যেকেই কোনো না কোনো চাকরি খুঁজে পাবেন।”
logo-1-1740906910.png)