ভিসা ও গ্রিন কার্ডের প্রসেসিং ফি বাড়াল যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৯:৫৫
যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ডের প্রসেসিং ফি বাড়ানো হয়েছে। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) জানিয়েছে, ১ মার্চ থেকে নতুন নিয়ম কার্যকর হয়েছে। মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এবং দীর্ঘদিনের প্রসেসিং জট কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ইউএসসিআইএস বলছে, বর্ধিত ফি জমা দেওয়া আবেদনগুলোই অগ্রাধিকারভিত্তিক প্রসেসিংয়ের আওতায় আসবে। পুরোনো ফি দিয়ে পাঠানো আবেদন সরাসরি ফেরত পাঠানো হবে। তবে ফি বাড়ানো মানেই অনুমোদনের নিশ্চয়তা নয়।
নতুন নিয়মে এইচ-১বি, কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড ও এল-১ ভিসার প্রিমিয়াম প্রসেসিং ফি ২ হাজার ৮০৫ ডলার থেকে বেড়ে হয়েছে ২ হাজার ৯৬৫ ডলার। মৌসুমি ও ধর্মীয় কর্মী এইচ-২বি ও আর-১ ক্যাটাগরির ফি ১ হাজার ৬৮৫ ডলার থেকে বেড়ে হয়েছে ১ হাজার ৭৮০ ডলার।
শিক্ষার্থীদের ওয়ার্ক পারমিট ওপিটি ও এসটিইএম-ওপিটি অনুমোদনের জন্য প্রিমিয়াম ফি এখনো ১ হাজার ৭৮০ ডলার রাখা হয়েছে। তবে এফ, জে এবং এম ক্যাটাগরির শিক্ষার্থীদের স্ট্যাটাস পরিবর্তনের ফি বেড়ে হয়েছে ২,০৭৫ ডলার।
ও-১, পি, কিউ, ই এবং টিএন (আই-১২৯) ক্যাটাগরির ওয়ার্ক ভিসার প্রসেসিং ফিও ২ হাজার ৮০৫ ডলার থেকে বেড়ে ২ হাজার ৯৬৫ ডলার হয়েছে। পারিবারিক কোটায় গ্রিন কার্ডের আবেদনের ফি বাড়ানো হয়নি।
ইউএসসিআইএস সতর্ক করেছে, ১ মার্চ ডাকযোগে পাঠানো আবেদনে যদি পুরোনো ফি সংযুক্ত থাকে, তবে তা প্রত্যাখ্যান করা হবে। ফলে আবেদনকারীর সময় নষ্ট হতে পারে। মার্কিন আইন অনুযায়ী, প্রতি দুই বছর পরপর প্রিমিয়াম প্রসেসিং ফি পর্যালোচনা বাধ্যতামূলক। তাই ভবিষ্যতে আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।
নিউ ইয়র্কের অভিবাসন অ্যাটর্নি অশোক কর্মকার মনে করেন, বাড়তি খরচ নিয়োগকর্তা ও অভিবাসী কর্মী উভয়ের জন্য চাপ তৈরি করবে। তবে প্রসেসিং জট কমানোর প্রতিশ্রুতি পূরণ হলে দীর্ঘমেয়াদে আবেদনকারীরা এর সুফল পেতে পারেন।
logo-1-1740906910.png)