Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালী: বৈশ্বিক জ্বালানি সরবরাহের জীবনরেখা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৯:০৭

হরমুজ প্রণালী: বৈশ্বিক জ্বালানি সরবরাহের জীবনরেখা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা দেখা দিলেই আলোচনায় উঠে আসে হরমুজ প্রণালী। কারণ, এটি শুধু একটি ভৌগোলিক জলপথ নয়, বরং বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান ধমনি।

হরমুজ প্রণালী পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। এর মাধ্যমে ইরান, ইরাক, কুয়েত, বাহরাইন, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের তেল ও গ্যাস আরব সাগর হয়ে বিশ্ববাজারে পৌঁছায়। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই প্রণালী দিয়ে যায়। একইভাবে মোট তরল গ্যাস ট্যাংকারের প্রায় ২০ শতাংশ এখান দিয়ে যাতায়াত করে।

প্রণালীটির ভৌগোলিক অবস্থানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান ও ওমানের মাঝখানে অবস্থিত এই জলপথের সবচেয়ে সরু অংশ মাত্র ৩৩ কিলোমিটার প্রশস্ত। যদিও আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি বৈশ্বিক নৌপরিবহনের জন্য উন্মুক্ত, বাস্তবে ইরানকে নিয়ন্ত্রণকারী শক্তি হিসেবে দেখা হয়।

হরমুজ প্রণালী মূলত এশিয়ার গ্রাহকদের কাছে ওপেক দেশগুলোর জ্বালানি সরবরাহের প্রধান রুট। এই পথ এড়িয়ে জ্বালানি পরিবহন করতে হলে সময় ও খরচ বিপুল পরিমাণে বেড়ে যাবে। ফলে প্রণালীটি বন্ধ হলে বৈশ্বিক তেলের দাম হঠাৎ বেড়ে যেতে পারে এবং আন্তর্জাতিক অর্থনীতি বড় ধরনের ধাক্কা খেতে পারে।

হরমুজ প্রণালী শুধু মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির কেন্দ্রবিন্দুই নয়, বরং বৈশ্বিক অর্থনীতির জন্যও অপরিহার্য। এ কারণে ইরান-ইসরায়েল সংঘাত বা যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা দেখা দিলেই এই প্রণালীকে ঘিরে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ে।

Logo