পর্যটক আকর্ষণে হোটেলে ২৩ ঘণ্টা থাকার সুযোগ মালয়েশিয়ায়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩০
কুয়ালালামপুরে মালয়েশিয়ার পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয় (MOTAC) জানিয়েছে, ভিজিট মালয়েশিয়া ২০২৬ ক্যাম্পেইনকে আরো আকর্ষণীয় করতে হোটেলগুলোকে অন্তত ২৩ ঘণ্টা থাকার সুযোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমস এ সংবাদ প্রকাশ করেছে।
মন্ত্রণালয় সংসদে লিখিত জবাবে বলেছে, “আমরা হোটেল অপারেটরদের ২৩ ঘণ্টা থাকার সুযোগ দিতে উৎসাহিত করছি। যেমন- অতিথি যদি দুপুর ২টায় চেক-ইন করেন, তবে পরদিন দুপুর ১টায় চেক-আউট করতে পারবেন।”
এতে পর্যটকদের অভিজ্ঞতা আরো উন্নত হবে এবং আন্তর্জাতিক পর্যায়ে মালয়েশিয়ার আতিথেয়তা খাত প্রতিযোগিতামূলক হয়ে উঠবে বলে আশা করছে সরকার।
তবে মন্ত্রণালয় স্পষ্ট করেছে, চেক-ইন ও চেক-আউট সময় নির্ধারণ ব্যবসায়িক সিদ্ধান্ত, যা হোটেল কর্তৃপক্ষই ঠিক করবে। পর্যটকদেরও পরামর্শ দেওয়া হয়েছে, বুকিংয়ের আগে হোটেলের শর্তাবলি ভালোভাবে বুঝে নিতে।
এ উদ্যোগের অংশ হিসেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে, যাতে হোটেলের লাইসেন্সিং প্রক্রিয়ায় অপারেটিং আওয়ার মানদণ্ড অন্তর্ভুক্ত করা যায়। একই সঙ্গে ১৯৯২ সালের ট্যুরিজম ইন্ডাস্ট্রি অ্যাক্ট পর্যালোচনা করে আতিথেয়তা খাতের মান ও সেবা উন্নত করার পরিকল্পনা করছে মন্ত্রণালয়।
এই প্রস্তাব এসেছে গুআ মুসাংয়ের সংসদ সদস্য মোহদ আজিজি আবু নাঈমের প্রশ্নের জবাবে। তিনি জানতে চান, ভিজিট মালয়েশিয়া ২০২৬ উপলক্ষে পর্যটক আকর্ষণে হোটেল ও হোমস্টের চেক-ইন ও চেক-আউট সময় মানসম্মত করার উদ্যোগ কী নেওয়া হচ্ছে।
logo-1-1740906910.png)